নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে একের পর এক ইতিহাস গড়লেন লোকেশ রাহুল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুর্দান্ত সেঞ্চুরি করে পাঁচ দশক আগের এক বিরল কীর্তির পুনরাবৃত্তি ঘটালেন এ ভারতীয় ওপেনার। একই সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারে যোগ করলেন একাধিক ব্যক্তিগত মাইলফলক।
শনিবার ৩৪ বছর বয়সে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ইনিংসেই শতরান করার কৃতিত্ব অর্জন করেন রাহুল। এর মধ্য দিয়ে তিনি জায়গা করে নেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথের পাশে। ১৯৭৬ সালে নিউজিল্যান্ড সফরে অকল্যান্ডে নিজেদের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেন গাভাস্কার (১১৬) ও অমরনাথ (১২৪)। ৫০ বছর পর সেই তালিকায় তৃতীয় ভারতীয় হিসেবে নাম লেখালেন রাহুল। নাথান স্মিথের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩৬ রান।
তবে রাহুলের কীর্তি শুধু একটি সেঞ্চুরিতেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—টেস্ট ক্রিকেটে ‘সেনা’ দেশ হিসেবে পরিচিত চারটি কঠিন বিদেশি কন্ডিশনেই ওপেনার হিসেবে শতরান করার বিরল নজির গড়েছেন তিনি। এই কৃতিত্ব অর্জন করা প্রথম ভারতীয় ওপেনার রাহুলই।
সব মিলিয়ে তিনি বিশ্বের পঞ্চম ভারতীয় ও অষ্টম এশিয়ান ব্যাটার হিসেবে চারটি দেশে এই কীর্তি গড়লেন। তার আগে এই তালিকায় রয়েছেন আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। তাদের মধ্যে রাহুল ও পাকিস্তানের সাঈদ আনোয়ারই একমাত্র ওপেনার, যারা চার দেশেই ওপেন করতে নেমে সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ছিল ২০১৪ সালে। ওয়েলিংটনেই ১১৮ রান করেন অজিঙ্কা রাহানে।
এই শতরানের সুবাদে সাতটি ভিন্ন দেশে টেস্ট সেঞ্চুরির মালিক হলেন রাহুল। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব রয়েছে আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগ ও কোহলির মতো তারকাদেরও।
ওপেনার হিসেবে টেস্টে এটি রাহুলের ১২তম শতরান। এই তালিকায় মুরলী বিজয়ের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। সামনে কেবল গাভাস্কার (৩৩) ও শেবাগ (২২)।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রাহুল। ২১ ইনিংসে ৪টি সেঞ্চুরি করে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে অধিনায়ক শুভমান গিলকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি।
