আমেরিকানদের বিয়ে করা, বেশি সন্তান নেয়া এবং সন্তানদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ১৯শে নভেম্বর এক্সে দেয়া পোস্টে লেভিট লিখেছেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টটির সঙ্গে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেছেন তিনি। ওই শিরোনামে বলা হয়েছে, ‘২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে মুসলিমরা, এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।’ এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। লেভিটের বার্তায় মূলত বিয়ে, পারিবারিক জীবন ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি মানুষকে পরিবার গড়ে তোলা, সন্তানদের গির্জায় বড় করা এবং তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরি করার আহ্বান জানিয়েছেন। তবে তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ পরিবার ও ধর্মীয় মূল্যবোধের ওপর তার গুরুত্বারোপকে সমর্থন করেছেন। অন্যরা বার্তাটির সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের কি মানুষের ওপর বিশেষ কোনো জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের আহ্বান জানানো উচিত?
অনেক অ্যাকাউন্ট ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের লালনপালনের খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টিও সামনে এনেছেন। তাদের কেউ কেউ বলেছেন, শিশুরা বড় হওয়ার পর নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত। একজন মন্তব্য করেছেন, এটিকে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেয়ার প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান সহজ- পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত করা বা বন্ধ করা, যাতে পশ্চিমা দেশগুলো নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে। আরেকজন লিখেছেন, যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, জীবনধারণের উপযোগী মজুরি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বলছেন, বেশি সন্তান নিন।
এরপর তারা অবাক হন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না! তৃতীয় একজনের মন্তব্য, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেয়ার সামর্থ্য নেই।’
লেভিটের পোস্ট ঘিরে অনলাইনে আলোচনা অব্যাহত রয়েছে। সমর্থকরা পরিবার ও ধর্মীয় বিশ্বাসের ওপর তার গুরুত্বারোপের প্রশংসা করছেন। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বাস্তবতা অনেক পরিবারের জন্য বেশি সন্তান লালন পালনকে ক্রমেই কঠিন করে তুলছে।
