গোলের পর পেনাল্টি মিস, হতাশার রাত রোনালদোর

গোলের পর পেনাল্টি মিস, হতাশার রাত রোনালদোর

ফন্ট সাইজ:

ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ গোল দূরে ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেই মাইলফলকের পথে এগিয়ে যাওয়ার রাতটি পর্তুগিজ কিংবদন্তির জন্য সুখকর হলো না। গোল করলেন, পেনাল্টিও পেলেন, কিন্তু স্পটকিক থেকে বল পাঠাতে পারলেন না জালে। শেষ পর্যন্ত তার দল আল নাসরও পেলো হারের তিক্ত স্বাদ। শুক্রবার সৌদি প্রো লীগের ম্যাচে আল আহলির মাঠে ৩-১ গোলে হার দেখে রোনালদোর দল।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর এটিই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। জেদ্দায় ম্যাচের শুরুর দিকেই নিজের জাত চেনান সিআরসেভেন। ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে দুর্দান্ত ভলিতে আল আহলির জালে বল পাঠান তিনি। এটি ছিল রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯৮৬তম গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশমবারের মতো প্রতিপক্ষের জাল খুঁজে পেলেন তিনি।

গোলের চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে তার সামনে। ডি-বক্সের মধ্যে নওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। কিন্তু রোনালদোর নেয়া শট পোস্টে লেগে ফিরে আসে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস। ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকা।

রোনালদোর সেই ব্যর্থতার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় আল আহলি। প্রথমার্ধের শেষ মুহূর্তে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার গালেনো। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি। চার মিনিট পর রজার ইবানেজের গোলে জয়ের ব্যবধান বাড়ায় আল আহলি।

এই হারে শিরোপার লড়াইয়েও চাপে পড়েছে আল নাসর। ১১ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে পিছিয়ে দুই পয়েন্টে, যদিও নেইমার জুনিয়রের সাবেক ক্লাব একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।