ইরানে হামলার পক্ষে প্রকাশ্যে সায় দিলেন না ভ্যান্স, ট্রাম্পের চাপে নতি স্বীকারেও অনীহা

ইরানে হামলার পক্ষে প্রকাশ্যে সায় দিলেন না ভ্যান্স, ট্রাম্পের চাপে নতি স্বীকারেও অনীহা

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে সমর্থন করে প্রকাশ্যে বক্তব্য দিতে বলেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু সেই আহ্বানে সাড়া দিলেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটিতে হামলার অনুমোদন তিনি দিতেন কি না, শুক্রবার এমন প্রশ্নেরও সরাসরি উত্তর এড়িয়ে গেছেন ভ্যান্স। এমনকি ভবিষ্যতে একই সিদ্ধান্ত নিবেন কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে বসে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ট্রাম্পের। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার কাজ।

ভ্যান্সের এই বক্তব্যে ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি হওয়া জটিল পরিস্থিতির প্রতিফলন দেখা গেছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের পর এক স্পষ্ট মূল্যায়নে যুদ্ধকেই দলটির হারের প্রধান কারণ হিসেবে দায়ী করেন ভ্যান্স। একই সঙ্গে ইরান সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া তার ওই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখেছেন। কারণ, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিবেচনা করছেন ভ্যান্স। ভ্যান্স লিখেছেন, আমরা যে কারণে হেরেছি, তা হলো যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে এ কথা বলেছেন। আপনারা যদি মনে করেন, এই যুদ্ধের মূল্য দেয়া সার্থক ছিল, আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও সার্থক ছিল, তাহলে সেই যুক্তি তুলে ধরুন। বোঝান, এই মূল্য দেয়া কেন প্রয়োজনীয় ছিল।

শুক্রবার ট্রাম্প বলেন, ভ্যান্সের এই মূল্যায়নে তিনি অসন্তুষ্ট নন। তবে এতে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত। সেটি হলো, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল- এ কথা স্বীকার করা এবং একই পরিস্থিতিতে ভ্যান্স নিজেও আবার একই সিদ্ধান্ত নিতেন বলে জানানো। ট্রাম্প বলেন, আমার হয়ে যারা কাজ করেন, তাদের নিজস্ব মতামত দেয়ার অধিকার আছে। কিন্তু আমি ইরানিদের চিনি। আর সত্যি বলতে, তারা পাগল।

সংবাদ সম্মেলনে পরে ভ্যান্সকে প্রশ্ন করা হয়, ইরান যুদ্ধের কারণে কংগ্রেসে রিপাবলিকানদের বড় ধরনের আসন হারানো কি সার্থক ছিল? জবাবে তিনি সরাসরি সামরিক অভিযানকে সমর্থন করেননি। ভ্যান্স বলেন, আমি যা বলেছি, তা হলো- ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দেশটি সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। অথবা, সৃষ্টিকর্তা না করুন, তারা হামলা চালিয়ে হাজার হাজার, এমনকি কয়েক লাখ নিরপরাধ মানুষকে হত্যা করতে পারত। তিনি আরও বলেন, আমার মনে হয়, সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট বলেছেন, তিনি আবারও একই কাজ করতেন। আর আমার দৃষ্টিভঙ্গি হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার লক্ষ্য এবং দায়িত্ব।

দীর্ঘদিন ধরেই ইরান যুদ্ধের বিরোধিতা করে আসছেন ভ্যান্স। শান্তি আলোচনা এগিয়ে নিতে ওয়াশিংটনের প্রধান দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গত গ্রীষ্মে তার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির একটি প্রাথমিক সমঝোতা হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের কট্টরপন্থী নেতাদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ব্যক্তিগত চিঠিপত্রও পাঠিয়েছিলেন ভ্যান্স। কিন্তু নির্বাচনের পর যুদ্ধ নিয়ে তার মূল্যায়ন প্রকাশের অল্প সময়ের মধ্যেই ট্রাম্প ওই উদ্যোগগুলো বন্ধ করে দেন। ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেয়ার নির্দেশ দেন তিনি।

এদিকে বৃহস্পতিবার এশিয়ায় চার দিনের কূটনৈতিক সফর শেষে দেশে ফিরেছেন ট্রাম্প। সফরের শেষ পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্রের দুই প্রতিদ্বন্দ্বী দেশের নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং উষ্ণ অভ্যর্থনা বিনিময় নিয়ে সমালোচনা হয়েছে। চীনে পৌঁছানোর পর শি জিনপিংকে আলিঙ্গন করেন ট্রাম্প। পুতিনকে সম্বোধন করেন ‘আমার বন্ধু’ বলে। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বৈঠকটিকে পরিণত রাষ্ট্রনায়কসুলভ কূটনীতির দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গেও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ওয়াশিংটনের বৈশ্বিক শক্তি ও প্রভাবেরই প্রকাশ।
ট্রাম্পের এশিয়া সফরের সময় ওয়াশিংটনেই ছিলেন ভ্যান্স। সফরের প্রতি জোরালো সমর্থন জানিয়ে তিনি ছিলেন এর অন্যতম প্রধান প্রচারক। শুক্রবারের সংবাদ সম্মেলনে রসিকতা করে বলেন, ট্রাম্পের সফরের সময় যুক্তরাষ্ট্রে থেকে যাওয়াটা ১৯৯০ সালের পারিবারিক কমেডি চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর মতো ছিল।