২০০৬ সালের গ্রীষ্মে কয়েক সপ্তাহের জন্য ঠিক হয়, পর্দায় সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচি। ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ হিসেবে পরিচিত এই অভিনেত্রীকে নিয়ে সোনিয়া গান্ধীর জীবনীভিত্তিক সিনেমা তৈরির পরিকল্পনাও চূড়ান্ত হয়। কিন্তু কংগ্রেসের আইনি নোটিশসহ নানা জটিলতায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই সিনেমা। প্রায় ২০ বছর পর সোনিয়া গান্ধী নিজের স্মৃতিকথা ‘বিলংগিং’-এ প্রকাশ করেছেন এই তথ্য। বইটি প্রকাশের পর আবারও সামনে এসেছে সেই অসমাপ্ত সিনেমার গল্প। সোনিয়া গান্ধীর মতো মনিকা বেলুচি জন্মও ইতালিতে। ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ সিনেমায় মেরি ম্যাগডালিন এবং ‘ম্যাট্রিক্স’ সিরিজে পার্সিফোনি চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। বিভিন্ন সাময়িকী তাকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ হিসেবেও আখ্যা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বেলুচি। ঠিক সে সময় সোনিয়া গান্ধীর জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে তার অভিনয়ের খবর জানান প্রযোজকরা। সিনেমাটির নাম রাখার পরিকল্পনা ছিল শুধু ‘সোনিয়া’। তখন প্রযোজক সুনন্দা মুরলি মনোহর জানিয়েছিলেন, সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে বেলুচি বেশ উচ্ছ্বসিত। কিন্তু সিনেমাটির পরিকল্পনা প্রকাশ্যে আসার পরই কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়। শেষ পর্যন্ত প্রকল্পটি স্থগিত হয়ে যায়। যদিও সিনেমাটি নির্মিত না হওয়ার কারণ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
২০১২ সালে এ বিষয়ে নিজের বক্তব্য দেন বেলুচি। তিনি বলেন, হ্যাঁ, একবার একটি ভারতীয় সিনেমায় সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু চিত্রনাট্যটি আমার ভালো লাগেনি। তাই আমি আর এগোইনি। অন্য এক সময়ে সিনেমাটি নির্মিত না হওয়ার পেছনে ‘বিভিন্ন কারণের’ কথা বলেছিলেন তিনি। সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা জগমোহন মুন্দ্রা। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: আ বায়োগ্রাফি’ বইয়ের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ কিদওয়াই জানিয়েছেন, সিনেমাটি নিয়ে আইনি নোটিশ পাঠানো হয়। তিনি আরও উল্লেখ করেন, বইটির চলচ্চিত্র নির্মাণের স্বত্ব বিক্রির অধিকার মূলত প্রকাশকের হাতে ছিল। প্রকাশনা সংস্থাটি ছিল পেঙ্গুইন। উল্লেখ্য, চলতি বছর ভারতে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের দায়িত্ব থেকে পেঙ্গুইন সরে দাঁড়িয়েছিল বলে খবর প্রকাশিত হয়। পরে হার্পারকলিন্স বইটি প্রকাশের দায়িত্ব নেয়। গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’। প্রকাশের পর বইটি দুই লাখের বেশি কপি বিক্রি হয়েছে। ফলে এটি ইতিমধ্যে বেস্টসেলার হিসেবে পরিচিতি পেয়েছে।
২০০৬ সালের জুলাইয়ে নিউ ইয়র্ক টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে প্রযোজক সুনন্দা মুরলি মনোহর বলেন, ৬০ দিনের মধ্যে আমরা সিনেমাটির নির্মাণকাজ শুরু করতে যাচ্ছিলাম। কিন্তু কংগ্রেস একটি বড় রাজনৈতিক দল। আর আমরা ভারতে সিনেমাটি নির্মাণ করতে চাই। এসব আপত্তি ও উদ্বেগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা এগোতে পারছি না। পরিচালক মুন্দ্রা তার চিত্রনাট্যকে ‘বিতর্কহীন’ বলে দাবি করেন। সোনিয়া গান্ধীর প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান তিনি। মুন্দ্রা বলেন, একজন মানুষ হিসেবে সোনিয়া গান্ধীর প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তার জীবন নিয়ে আমার আগ্রহের কারণ হলো, ভাগ্য কীভাবে একজন মানুষকে তার শুরুর জায়গা থেকে তুলে সম্পূর্ণ ভিন্ন এক অবস্থানে নিয়ে যেতে পারে, সেটি দেখা। ইতালির এক তরুণী কখনো কল্পনাও করতে পারেননি যে একদিন তিনি বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের একশ কোটি মানুষের একটি দেশের নেতা হয়ে উঠবেন। কীভাবে তিনি সেই দায়িত্ব গ্রহণ করলেন, সেটিই আমার আগ্রহের বিষয়।
এমনকি সোনিয়া গান্ধীর সঙ্গে নিজের গবেষণার তথ্যও ভাগাভাগি করেন বলে দাবি করেন মুন্দ্রা। তবে কংগ্রেস তার এই দাবি প্রত্যাখ্যান করে বলে, সস্তা প্রচার ও চাঞ্চল্য সৃষ্টির উদ্দেশ্যেই এমন বক্তব্য দেয়া হয়েছে। ২০০৭ সালেও সিনেমাটি নির্মাণের আশা প্রকাশ করেছিলেন মুন্দ্রা। তবে ২০১১ সালে তার মৃত্যু হয়। হলিউডে দীর্ঘদিন থ্রিলার সিনেমা নির্মাণের পর সামাজিক ও রাজনৈতিক বিষয়ভিত্তিক হিন্দি ও ইংরেজি সিনেমা পরিচালনায় মনোযোগী হয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রাজস্থানের অধিকারকর্মী ভানওয়ারি দেবীকে নিয়ে নির্মিত ‘বাওয়ান্দার’ এবং ঐশ্বরিয়া রাই অভিনীত ‘প্রভোকড’। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘প্রভোকড’।
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের পর এবার তার জীবন নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত। তিনি জানিয়েছেন, সোনিয়ার স্মৃতিকথার ওপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করতে চান। তার ভাষায়, আমরা তেলুগু, হিন্দিসহ অন্যান্য ভাষায় সিনেমাটি নির্মাণের কথা ভাবছি।
