সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয়দের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যান।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। এ ছাড়া তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছে ধারণা করা হচ্ছে।
উদ্ধার হওয়া এক নারী জানান, শহরে চিকিৎসা শেষে বাচ্চাসহ বাড়ি ফেরার পথে কয়েকজন লোক তাকে মালয়েশিয়ার বোটে তুলে দেয়। বোটটি ৬ দিন ধরে সাগরে ভাসতে থাকে। ৩ দিন তাদের একটি বাড়িতে আটকে রাখা হয়। এরপর আবার তাদের বোটে তোলা হয়।
আরেক ব্যক্তি জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে এক দালালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি। চার দিন আগে ট্রলারে করে তাদের যাত্রা শুরু হওয়ার পর থেকেই বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য দালালরা তাদের ওপর নানাভাবে নির্যাতন চালাতে থাকেন।
উদ্ধার হওয়াদের মধ্যে উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলামের ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমনও রয়েছেন। সাইফুল ইসলাম জানান, গত বুধবার থেকে নিখোঁজ থাকায় তিনি থানায় জিডি করেছিলেন। পরবর্তীতে তার মুঠোফোনে কল দিয়ে ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে টাকা দাবি করে পাচারকারীরা।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ট্রলারটি তীরে পৌঁছালে পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কেউ রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
