কাগজের পাতায় পেন্সিলের নিপুণ আঁচড়। তাতে ফুটে উঠেছে একজন মানুষের অবিকল প্রতিকৃতি। হাতে মাইক্রোফোন, চোখে চশমা, পরনে স্যুট। ছবির মানুষটি আর কেউ নন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আর ছবিটি এঁকেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে ওঠা ১৩-১৪ বছরের এক কিশোর। নিজের হাতে আঁকা সেই প্রতিকৃতি উপহার দিতে গিয়ে কিশোরটি হয়তো ভাবেনি, তার এই ছোট্ট উপহার এমন আবেগঘন মুহূর্তের জন্ম দেবে। ছবি হাতে পেয়ে উচ্ছ্বসিত হন ড. খলিলুর রহমান। একপর্যায়ে কিশোরটিকে বুকে জড়িয়ে ধরেন। পাশে দাঁড়িয়ে থাকা জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তৈরি হয় এক ব্যতিক্রমী দৃশ্য। শুক্রবার উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সফরকালে এ ঘটনা ঘটে। ছবির নিচে থাকা পরিচয় অনুযায়ী, কিশোরটি লাইফ ডেস্টিনেশন হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। নিজের শিল্পীসত্তা দিয়ে সে এঁকেছে ড. খলিলুর রহমানের প্রতিকৃতি।
নিছক একটি উপহার নয়, পেন্সিলের আঁচড়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে তুলে ধরার এই প্রচেষ্টা কিশোরটির সৃজনশীলতারও পরিচয় বহন করে। এমন এক সময়ে এই সাক্ষাৎ, যখন রোহিঙ্গা সংকট নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। ১৯শে নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। পরদিনই রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে উখিয়ার ক্যাম্পে আসেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। সেখানে তিনি রোহিঙ্গাদের কথা শোনেন এবং তাদের ন্যায়বিচার, নিরাপত্তা ও নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
বক্তব্যে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা ও ঐতিহাসিক রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও বলেন। তবে বড় বড় আন্তর্জাতিক আলোচনা, বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশার বাইরে ক্যাম্পের এই কিশোরের আঁকা ছবির ঘটনাটি যেন অন্য এক বার্তা দেয়। শরণার্থী জীবনের অনিশ্চয়তার মধ্যেও তারুণ্যের প্রতিভা, সৃজনশীলতা ও স্বপ্ন থেমে নেই। একটি পেন্সিল, এক টুকরো কাগজ আর মনের ভেতর জমে থাকা সৃজনশীলতা, এ দিয়েই বিশ্বমঞ্চের একজন প্রতিনিধির কাছে পৌঁছে গেল কিশোরটির শিল্পকর্ম। ছবির বিনিময়ে পাওয়া একটি আলিঙ্গন হয়তো তার কাছে দীর্ঘদিনের স্মৃতি হয়ে থাকবে।
