রাজধানীর ফলের বাজারে পাইকারি ও খুচরা দামের আকাশ-পাতাল ব্যবধান। বাদামতলী ফলের আড়ত থেকে শুরু করে মিরপুর ও কাওরান বাজারের মতো খুচরা বাজারগুলোতে হাতবদলের পর বেশির ভাগ ফলের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বা তারও বেশি বেড়ে যাচ্ছে। ফলে ফল কিনতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা। দাম শুনে অনেকে প্রয়োজনের তুলনায় কম ফল কিনছেন। শুক্রবার রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি ফলের বাজার বাদামতলী, কাওয়ান বাজার এবং রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা দাম পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে।
বুড়িগঙ্গার তীরে অবস্থিত রাজধানীর প্রাচীন ফলের আড়ৎ বাদামতলী। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফলের পাশাপাশি আমদানি করা বিদেশি ফলও এখান থেকে পাইকারি দরে রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ হয়ে থাকে। বাদামতলীর পাইকারি বাজারে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। খুচরা বাজারে সেই মাল্টার দাম ৩২০ টাকা। অর্থাৎ কেজিতে ব্যবধান প্রায় ১০০ থেকে ১২০ টাকা। পাইকারিতে ২০০ থেকে ২২০ টাকা দরের কমলা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। চায়না কমলার পাইকারি দাম ২৩০ থেকে ২৪০ টাকা। প্রতি কেজি আপেল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০৫ টাকা। খুচরা বাজারে একই আপেলের দাম ৩৫০ টাকা। নাশপাতি পাইকারিতে ২৪০ থেকে ২৫০ টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৮০ টাকা। দেশি পেয়ারা পাইকারি বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি পাওয়া গেলেও খুচরা পর্যায়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা। অর্থাৎ পেয়ারার ক্ষেত্রেও কেজিতে প্রায় ৬০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
বিদেশি ফলের মধ্যে আঙ্গুরের দামও চড়া। সরবরাহ ঘাটতির কারণে পাইকারি বাজারে আকার ও প্রকারভেদে আঙ্গুরের দামে পার্থক্য রয়েছে। বাদামতলীতে প্রতি কেজি সবুজ আঙ্গুর বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা। কালো আঙ্গুর ৫৮০ টাকা এবং চায়না লাল আঙ্গুর ৩৫০ থেকে ৩৬০ টাকা। ড্রাগন ফল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৭০ টাকা কেজি দরে। বেদানার দাম ৩১০ থেকে ৩৯০ টাকা। আতাফল ৩৫০ টাকা এবং বারোমাসি আম ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খেজুরের বাজারেও পাইকারি ও খুচরা দামের বড় ব্যবধান রয়েছে। বাদামতলীতে প্রতি কেজি মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে ৮৮০ থেকে ৯২০ টাকা। খুচরা বাজারে এর দাম ১ হাজার টাকা। কালমি খেজুর পাইকারিতে ৭২০ থেকে ৭৩০ টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি। অর্থাৎ এ দুই ধরনের খেজুরের ক্ষেত্রে কেজিতে ৮০ থেকে ২৩০ টাকা পর্যন্ত ব্যবধান দেখা যাচ্ছে। এ ছাড়া পাইকারি বাজারে আজওয়া খেজুর ৮০০ থেকে ৯৭০ টাকা, মাশরুক ৬৬০ টাকা, আমবার ৮৫০ টাকা, দাবাস ৫১০ টাকা, জিহাদি ও খুরমা ২০০ টাকা এবং সুটকারি খেজুর ৬৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মান ও প্রকারভেদে এসব খেজুরের দামেও পার্থক্য রয়েছে।
খুচরা পর্যায়ে ফলের দাম বাড়ার বিষয়ে কাওরান বাজারের ফল বিক্রেতা সাইয়েদুল ইসলাম বলেন, ফলের দাম শুধু পাইকারি কেনা দামের ওপর নির্ভর করে না। আড়ৎ থেকে দোকানে ফল আনতে পরিবহন ভাড়া, শ্রমিকের মজুরি এবং ওঠানো-নামানোর খরচ রয়েছে। এর সঙ্গে দোকানভাড়া ও প্রতিদিনের পরিচালন ব্যয় যোগ হয়। বিশেষ করে বিদেশি ফলের কার্টন খোলার পর অনেক সময় নিচের দিকে পচা বা নষ্ট ফল পাওয়া যায়। এসব ফল বিক্রি করা সম্ভব হয় না। ফলে ওই লোকসান ভালো ফল বিক্রির মাধ্যমে পুষিয়ে নিতে হয়। তিনি বলেন, এসব খরচের কারণে খুচরা পর্যায়ে দাম কিছুটা বাড়ে। তবে ফলের দাম বেশি হওয়ায় আগের তুলনায় অনেক ক্রেতাই কম পরিমাণে ফল কিনছেন।
একই বাজারের আরেক ফল বিক্রেতা সুলতান আহমদ বলেন, ফলের মান, আকার ও সরবরাহের ওপর দাম নির্ভর করে। একই জাতের ফলের মধ্যেও বড় ও ভালোমানের ফলের দাম বেশি।
তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক মনে হচ্ছে। এই ব্যবধানের কতোটা পরিবহন, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচের কারণে এবং কতোটা ব্যবসায়ীদের মুনাফা, তার সুনির্দিষ্ট হিসাব তাদের কাছে নেই।
ফল কিনতে আসা ক্রেতা আলী হোসেন বলেন, ফলের দাম এখন অনেকটাই আকার ও মানের উপর নির্ভর করে। ছোট আকারের দেশি ফল তুলনামূলক কম দামে পাওয়া যায়। তাই তিনি বিদেশি ফলের চেয়ে দেশি ফল বেশি কেনেন। পরিবারের জন্য নিয়মিত ফল কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে তা সম্ভব হয় না।
