‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের ডাকা অবরোধে টানা ৩৬ ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। গোপালগঞ্জ হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে জ্বালিয়ে দেয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। জনমনে বিরাজ করছে আতঙ্ক। কিছু দোকানপাট খুললেও বেশির ভাগ ছিল বন্ধ। গত কয়েকদিনের নাশকতার চিত্র দেখতে গতকাল গোপালগঞ্জ পরিদর্শন করেন পুলিশ, বিজিবি ও এসআরবি’র প্রধান। শহরের সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। বৈঠকে ‘কার্যক্রম নিষিদ্ধ’ দলটির নেতাকর্মীদের মোকাবিলায় কঠোর বার্তা দেন। শান্তিপ্রিয় মানুষকে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেন, যারা অশান্তি তৈরি করে তাদের সংখ্যা খুব বেশি নয়। জনগণ যেটা চাইবে সরকার সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেবে।
শুক্রবার সকালে হঠাৎ গোপালগঞ্জ পরিদর্শনে আসেন আইজিপি। সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তারা শহরে পৌঁছে প্রথমে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে যান। এরপর শহরের সার্কিট হাউজে বৈঠকে অংশ নেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন তারা। তিন বাহিনীর প্রধানের বৈঠককে ঘিরে সার্কিট হাউজের সামনে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
বৈঠক শেষে আইজিপি আলী হোসেন ফকির সাংবাদিকদের জানিয়েছেন, যারা অশান্তি তৈরি করে তাদের সংখ্যা খুব বেশি নয়। জনগণ যেটা চাইবে সরকার সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান আইজিপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত অনেক পরিস্থিতি ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষ, যারা অশান্তি তৈরি করে তাদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়। তিনি বলেন, ‘আপনারা শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। এটাই আমার অনুরোধ।’ গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে পুলিশ প্রধান বলেন, ‘আপনারা কী চান, এখানে পুলিশ দরকার নেই? আপনারা নিজেরাই আইনশৃঙ্খলা বজায় রাখবেন? থানাগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। এই থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, জনগণের জন্য। আপনারা যদি নিজেদের থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?’
জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, দেশে যদি আইন মেনে চলা নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ধরুন, এখানে ১০ লাখ মানুষ আছেন, আর পুলিশ সদস্য আছেন মাত্র ২০ জন। একজন থানায় দায়িত্ব পালন করছেন। আপনাদের মানসিক সমর্থন ও সার্বিক সহযোগিতা ছাড়া এই ২০ জন পুলিশ সদস্য কি কাজ করতে পারবেন? আপনারা যদি চান, এখানে পুলিশ দরকার নেই, আপনারাই নিজেদের আইনশৃঙ্খলা বজায় রাখবেন- তাহলে সেটিও বলুন। আপনারা কী চান, তা কি বলবেন না? অবশ্যই বলবেন। বিষয়টি হচ্ছে, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’ এদিকে তিন বাহিনীর প্রধান কঠোর বার্তা দিয়ে যাওয়ার পর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
৩৬ ঘণ্টা পর বাস চলাচল শুরু: এদিকে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৬টার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যাচ্ছে। ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
গত বুধবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জের উত্তেজনাকর পরিস্থিতির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচি ঘিরে সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। নিরাপত্তার কারণে পরিবহনমালিকরা ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রাখেন। ঢাকা থেকে বাগেরহাটগামী দোলা পরিবহনের যাত্রী শামীম রহমান বলেন, ‘বুধবার রাত থেকে আমি ঢাকায় আটকে ছিলাম। গোপালগঞ্জে সংঘাত ও রাস্তা আটকে থাকায় কোনো বাস চলছিল না। শুক্রবার সকাল ছয়টার পর বাস ছেড়েছে।’
শামসুর রহমান জানান, পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জে ঢোকার পর রাস্তার ওপর কাটা গাছপালা এখনো পড়ে আছে। কিছুটা সরানো হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি, তবে এর মধ্য দিয়েই গাড়ি চলছে।
বাগেরহাট থেকে ঢাকাগামী দোলা পরিবহনের সুপারভাইজার বলেন, সকাল থেকে সব বাস চলছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই। রাস্তায় যে গাছপালা আছে, তাতে চলতে তেমন অসুবিধা হচ্ছে না। বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরে চলছে।
সহিংসতায় বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি: গত ১৬ই নভেম্বর থেকে গোপালগঞ্জে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, ট্যাটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন। এ সময় পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ এবং বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। টুঙ্গিপাড়া থানার এক উপ-পরিদর্শককে কুপিয়ে আহত করা হয়। পৌর বিএনপি’র সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়।
গত ১৯শে নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতির আরও অবনতি হয়। ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া, নীলফা মাঠ, হাসপাতাল মোড়, সার্কিট হাউস মোড় ও চর গোবরা এলাকায় গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে জানালা ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়া হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। দুপুরে মুকসুদপুর থানায় আগুন এবং সদরের পাঁচুড়িয়ায় বিএনপি’র কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। কাশিয়ানীতে সাদা পোশাকের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আগুন দেয়া হয় গ্রামীণ ব্যাংকের দু’টি শাখায়।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা জানান, হামলার আগে থানায় প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। তারা প্রথমে প্রতিরোধের চেষ্টা করেন। হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা সরে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের পরিচয় জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
রাজনীতিতে দৃশ্যমান উপস্থিতি জানান দেয়া: সামপ্রতিক সহিংসতার পেছনে গোপালগঞ্জের রাজনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। গত সোমবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিছিল ও দোয়া মাহফিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ১৯শে নভেম্বরের কর্মসূচিতেও শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের জমায়েত ও দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। বিপরীতে বিএনপি, জামায়াত ও এনসিপি’র নেতাকর্মীদের তেমন প্রকাশ্য সাংগঠনিক তৎপরতা চোখে পড়েনি।
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় আগামী ২২শে নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
