দুদকের তদন্ত শুরুর দিনই বাংলাদেশ ব্যাংকে শওকত আলী

দুদকের তদন্ত শুরুর দিনই বাংলাদেশ ব্যাংকে শওকত আলী

ফন্ট সাইজ:

বিদেশে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু দিনই প্রকাশ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেখা গিয়েছে জুলাই হত্যা মামলার আসামি ব্যবসায়ী শওকত আলী চৌধুরীকে। সূত্র বলছে- গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর এই জন্যই বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মীরা কড়া নিরাপত্তা ও প্রটোকল দিয়ে তাকে ভেতরে নিয়ে যান। তবে কেন এই বৈঠক, কে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন এবং কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বৈঠকের আগে সংবাদকর্মীরা হত্যা মামলা, বেনামি শেয়ার এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ২৫ মিলিয়ন ডলারের উৎস নিয়ে একের পর এক প্রশ্ন করলেও সেসবের উত্তর না দিয়ে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান শওকত আলী চৌধুরী।
এদিকে, ওই একই দিনে (১৮ই নভেম্বর) বিদেশে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শওকতের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ জন্য তদন্ত কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগেও তার বিরুদ্ধে আরেকটি তদন্ত চালাচ্ছে সংস্থাটি।
শওকত জাহাজভাঙা খাতের বিতর্কিত প্রতিষ্ঠান এস এন করপোরেশনের চেয়ারম্যান। তিনি বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত এবং পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ব্যাবসায়িক অংশীদার। এছাড়াও ঢাকার বাড্ডা থানায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শওকত ৫৪ নম্বর আসামি। ২০২৪ সালের ৯ নভেম্বর মামলাটি করা হয়। এ মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদেরও আসামি করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে শওকত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে গত ১৫ অক্টোবর হাইকোর্ট রুলও জারি করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে শওকতের নামে-বেনামে ইস্টার্ন ব্যাংকের ২০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণের তথ্য পাওয়া গেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একজন ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা মিলে কোনো ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করতে পারেন।
শওকতের বিরুদ্ধে বড় অভিযোগগুলোর একটি বিদেশে অর্থ রাখা নিয়ে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার প্রায় ২৫ মিলিয়ন ডলার শনাক্ত করে এবং অর্থটি সাময়িকভাবে আটকে রেখেছিল। পরে সেই অর্থ উদ্ধারে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলেন এবং অভিযোগ নিষ্পত্তির জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।