‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রোল বোমা মেরে ‘জয় বাংলা’ বলে পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। আওয়ামী লীগ এখন কার্যত একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। দলটির নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড দেশের মানুষ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভাবমূর্তি নষ্ট করছে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দেশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন রূপান্তরিত হয়েছে পালানোর স্লোগানে। তারা পেট্রোল বোমা মেরে ‘জয় বাংলা’ বলে পালিয়ে যায়। এটি এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। দেশের মানুষও এটি ঘৃণা করে। হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তারা কার্যত সন্ত্রাসী সংগঠনে পরিণত রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন বিক্ষিপ্ত সন্ত্রাসী তৎপরতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও পেট্রোল বোমা মেরে, কোথাও আগুন জ্বালিয়ে পালিয়ে যাচ্ছে তারা। দেশের ভেতরে ও বাইরে মানুষ তাদের সন্ত্রাসী হিসেবে দেখছে। তাদের বিক্ষিপ্ত ও কাপুরুষোচিত কর্মকাণ্ডই সেটি প্রমাণ করছে।
প্রতিমন্ত্রী বলেন, গত আট মাসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একাধিক সাফল্য অর্জন করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব অর্জন, আন্তঃসংসদীয় ইউনিয়নের নির্বাচনে জয় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়কে তিনি কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন।
রোহিঙ্গা গণহত্যা নিয়েও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সামপ্রতিক রায়ের বিষয়েও বাংলাদেশ কাজ করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে সমর্থন আদায়ে বাংলাদেশ কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান এখন শক্তিশালী। বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতি সরকারের অগ্রাধিকার।
সরকারি দলের সংসদ সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগ, কর্মীদের হত্যা এবং জনমনে আতঙ্কের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বিএনপি সরকার একটি সহনশীল সরকার। স্বৈরাচারী সরকারের মতো গণহারে মানুষের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে না। একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী এসব কর্মকাণ্ড করছে। দেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে পারবে না। বরং তারাই এখন আতঙ্কে পালাচ্ছে। বাংলাদেশ সবার জন্য সুযোগ সৃষ্টি করে একটি নতুন বাংলাদেশ হিসেবে এগিয়ে যাবে।
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদনের প্রয়োজন পড়ে না। তাদের হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হয়। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন ‘আওয়ামী সন্ত্রাসী লীগ’। দলটির নেত্রী নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছেন, এখন দলের অন্য নেতাকর্মীদেরও ধ্বংস করছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে ও বৈদেশিক বিনিয়োগ আসছে। এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী অস্বস্তিতে ভুগছে। তবে সন্ত্রাসীদের মোকাবিলায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
