সামনে শীতকাল। আর শীতকাল মানেই বিয়ের মৌসুম। বছরের এই সময়ে বিয়ের আয়োজন করতে পছন্দ করেন বেশির ভাগ মানুষ। এমন সময়ে বিয়ের প্রস্তুতি নেয়া মানুষের জন্য এসেছে বড় সুখবর। দেশের বাজারে টানা আট দফায় কমানো হয়েছে সোনার গহনার দাম। এই আট দফায় প্রতি ভরিতে সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। সর্বশেষ শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। শুক্রবার থেকে সোনার গহনার নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
সংশ্লিষ্টরা জানান, বিয়ের আয়োজনে বিশেষ করে কনের সাজ পূর্ণতা পায় সোনার অলঙ্কারে। বিয়েতে কনের জন্য হার, কানের দুল, চুড়ি, বালা, আংটিসহ নানা ধরনের গহনা কেনেন পরিবারের সদস্যরা। ফলে বিয়ের মৌসুমে সোনার দাম কমায় এসব গহনা কেনার ক্ষেত্রে আগের তুলনায় খরচ কমবে। সোনার দাম কমায় বিয়ের বাজেট সামলাতেও কিছুটা স্বস্তি পাবেন পরিবারগুলো। বিশেষ করে যেসব পরিবার বিয়ের কেনাকাটার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য এই দরপতন স্বস্তির খবর।
এর আগে, ১৯শে নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে ১৮ই নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ই নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ই নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ই নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ই নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ই নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ২৮ হাজার ৫০৮ টাকা।
বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। এ ছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা। সোনার গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে গহনা কেনার সময় সোনার নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং গহনার নকশা ও মানভেদে মজুরি যুক্ত হবে। তাই দোকান থেকে গহনা কেনার ক্ষেত্রে ঘোষিত দামের চেয়ে বেশি অর্থ খরচ হতে পারে। কেনাকাটার আগে গহনার ওজন, ক্যারেট, মজুরি ও ভ্যাট সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
