বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ছিল আনন্দের দিন। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন, ২০১৭ সালে সামরিক অভিযানের সময় মিয়ানমার প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া হাজার হাজার রোহিঙ্গা।
তবে এই রায় তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ কতোটা সহজ করবে, তা নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ চলছে সেখানে। ফলে নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি।
বিশাল এই শরণার্থী জনগোষ্ঠীর দায়িত্ব বহন করতে গিয়ে বাংলাদেশও ক্রমবর্ধমান চাপে রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সহায়তা কমে আসছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো তাদের নিজ দেশে প্রত্যাবাসন। আইসিজের রায় সেই প্রত্যাবাসনের উদ্যোগে নতুন গতি আনতে পারে।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আগামীকাল কিংবা খুব শিগগিরই প্রত্যাবাসন শুরু হবে না। তবে নিরাপদে ফেরার পথ নিশ্চিত করতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে চাপ সৃষ্টি করবো।’
আইসিজের রায়ের পর প্রত্যাবাসনের সম্ভাব্য সময়সীমা নিয়ে এটিই বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কোনো ইঙ্গিত।
প্রত্যাবাসনের পথে বড় বাধা গৃহযুদ্ধ: রোহিঙ্গাদের দেশে ফেরানোর জন্য গত কয়েক বছর ধরে নানা উদ্যোগ নেয়া হলেও সেগুলো সফল হয়নি।
বিশ্লেষকদের মতে, গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের সমালোচনার মুখে পড়া মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট সরকারের কাছ থেকে প্রত্যাবাসনে আন্তরিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কম।
মিয়ানমারবিষয়ক স্বাধীন বিশ্লেষক সাই কিয়ি জিন সো বলেন, আইসিজের নির্দেশনার মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরানোর বিষয়টি রয়েছে। কিন্তু বাস্তবে সেটি সম্ভব হওয়ার সম্ভাবনা এখনো কম। প্রধান কারণ ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাতের পর শুরু হওয়া গৃহযুদ্ধ।
শুক্রবার মিয়ানমার সরকার জানিয়েছে, আইসিজের সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং রায়টি অন্যায্য। দেশটির দাবি, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে।
রাখাইনে নতুন করে সংঘাত: ২০১৭ সালে মিয়ানমারের সামরিক দমন-পীড়নের মুখে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যান। এই অভিযানই গণহত্যার মামলার মূল বিষয়। ছয় বছর পর ২০২৩ সালের শেষদিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আরও বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সামপ্রতিক সময়ে রাখাইন রাজ্যের প্রায় পুরো এলাকার নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। রোহিঙ্গাদের অধিকাংশকে যে এলাকাগুলোতে ফিরে যেতে হবে, সেগুলোও এখন এই বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধেও। তবে আইসিজের রায় নিয়ে গোষ্ঠীটি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রয়টার্সের প্রশ্নেরও জবাব দেয়নি তাদের একজন মুখপাত্র।
গত আগস্টে মিয়ানমার সরকার জানিয়েছিল, বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসরত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা হবে না বলে জানিয়েছিল তারা।
মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করলেও তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে।
আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, ‘নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব নয়।’
তিনি রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরের বাস্তুচ্যুতদের শিবিরে থাকা রোহিঙ্গাদের নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তার মতে, সেখানে বসবাসরত রোহিঙ্গারা চলাচল ও ত্রাণ পাওয়ার জন্য সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল এবং প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে রয়েছেন।
বাংলাদেশের সামনে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ
১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশ বাংলাদেশ অর্থনৈতিক চাপের মধ্যেও বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করছে। রোহিঙ্গাদের দেশে কাজ করার সুযোগ দেয়া হয় না। তাদের প্রত্যাবাসন চায় ঢাকা। তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলে বারবার জানিয়েছে বাংলাদেশ।
আইসিজের রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও নতুন জটিলতাও তৈরি করেছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘ঢাকাকে এখন এমন একটি রাষ্ট্রের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে, যেটিকে আদালত গণহত্যার জন্য দায়ী করেছে। একই সঙ্গে ক্রমবর্ধমানভাবে আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করতে হবে।’
গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করবে ঢাকা। তবে শরণার্থীদের জন্য অর্থায়ন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোহিঙ্গা মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় ৭১০ মিলিয়ন ডলারের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯ শতাংশ অর্থ পাওয়া গেছে।
এদিকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় মালয়েশিয়াও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃত দিয়ে জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন।
শুক্রবার মালয়েশিয়া জানিয়েছে, একটি কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করা হবে। এটি বাস্তবায়িত হলে বড় ধরনের পুনর্বাসন উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
