প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতিতে বিশ্বে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশের আদজি ট্রিমস লিমিটেড। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির দাবি, প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস খাতে লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে তাদের অর্জিত ৯৭ পয়েন্ট বিশ্বে সর্বোচ্চ। শুক্রবার নতুন করে ১২টি বাংলাদেশি কারখানার লিড সনদ পাওয়ার তথ্য প্রকাশিত হলে আদজি ট্রিমসের এই অর্জন সামনে আসে। নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে আদজি ট্রিমস সর্বোচ্চ স্কোর করেছে।
আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার বলেন, ‘এই অর্জন আমাদের জন্য শুধু একটি আন্তর্জাতিক সনদ নয়, বাংলাদেশের শিল্প খাতের সক্ষমতার স্বীকৃতি। পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও কর্মপরিবেশ উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। এই স্বীকৃতি আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’
ঢাকার ধামরাইয়ের দাউতিয়া, কালামপুরে অবস্থিত আদজি ট্রিমস লিমিটেড ইনডেট গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২০১২ সালে গ্রুপটির অধীনে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের শেষ দিকে নিজস্ব ট্রিমস ও অ্যাকসেসরিজ উৎপাদন শুরু করে।
প্রতিষ্ঠানটির কারখানায় প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কাজ করেন। সেখানে প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য তৈরি হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে লেবেল, পলিব্যাগ, বিভিন্ন ধরনের প্যাকেজিং, জিপার, বোতাম, হ্যাঙ্গার, ইলাস্টিক, ড্র-কর্ড, লেদার ও রাবার প্যাচসহ পোশাকের নানা উপকরণ।
আদজি ট্রিমসের এই অর্জনের আগে ২০২৫ সালে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও পেয়েছে প্রতিষ্ঠানটি। প্যাকেজিং, ট্রিমস ও অ্যাকসেসরিজ খাত থেকে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ওই পুরস্কার পাওয়ার দাবি করেছে আদজি ট্রিমস। পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ২৪ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারটি দেওয়া হয়।
বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্পকারখানার সংখ্যা বাড়ছে। নতুন ১২টি কারখানা লিড সনদ পাওয়ার পর দেশে এ ধরনের সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩০২। এর মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার ও চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে বাংলাদেশের ৫৩টি রয়েছে।আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো.
শাহরিয়ার বলেন, পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং দায়িত্বশীল উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের মান, সময়মতো সরবরাহ ও পরিবেশগত মান বজায় রাখতে উৎপাদনব্যবস্থার আধুনিকায়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে উৎপাদন প্রযুক্তির আধুনিকায়ন, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করা।
