‘তুমি অনেক সুন্দর ফ্রি সময় কাটাতে চাই’

‘তুমি অনেক সুন্দর ফ্রি সময় কাটাতে চাই’

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক সম্পত্তির বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে এক কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারী ঐশী দে জানান, বিয়ে না হওয়ায় পৈতৃক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ চেয়েছিলেন তিনি। তবে তার ভাই মায়ের কাছ থেকে সব জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন। এ নিয়ে ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে।

ঐশীর দাবি, বিষয়টি সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে-কে দায়িত্ব দেন। বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে শ্যামল দে হোয়াটসঅ্যাপে তাকে লেখেন, ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই।’ এমন বার্তা পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি আরও দাবি করেন, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তার পারিবারিক বিরোধের সমাধান হয়নি। একপর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক সপ্তাহ আগে রাতে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন ঐশী।

এদিকে ঐশীর অভিযোগ প্রকাশ্যে আসার পর শ্যামল দে’র অতীত কর্মস্থল ধলঘাট ইউনিয়নের গৈড়লা উচ্চ বিদ্যালয় নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে গত ১৫ই নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান শিক্ষক শ্যামল দে। বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে ঐশীর পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন। তবে ঐশীর মা ও ভাই তার প্রস্তাবিত সমাধানে সম্মত না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

বিরোধ মীমাংসার বিনিময়ে ঐশীর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেয়ার অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেন তিনি। ঐশীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের কথোপকথনও হয়নি বলে দাবি করেন শ্যামল দে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হোয়াটসঅ্যাপের কথিত স্ক্রিনশট ফরেনসিক পরীক্ষায় সত্য প্রমাণিত হলে পটিয়াবাসী যে সিদ্ধান্ত দেবেন, তা তিনি মেনে নেবেন। একইসঙ্গে গৈড়লা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত কোনো ঘটনা কিংবা স্থানীয়দের বাধার মুখে পড়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারো সংবাদ সম্মেলন করেন ঐশী দে। সর্বশেষ সংবাদ সম্মেলনে শ্যামল দে’র দেয়া স্ক্রিনশট ফরেনসিক ল্যাবে পরীক্ষার চ্যালেঞ্জকে স্বাগত জানান তিনি। ঐশী বলেন, শ্যামল দে’র প্রস্তাবে রাজি না হওয়ায় মূলত তার পারিবারিক বিরোধের সমাধান হয়নি। শ্যামল দে ও তার বাড়ি একই ইউনিয়নে হওয়ায় তাকে চাচা বলে সম্বোধন করতেন। ফলে তার কাছ থেকে এমন প্রস্তাব কখনোই প্রত্যাশা করেননি বলে জানান ঐশী।