চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

ফন্ট সাইজ:

চাঁদা না দেয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাত (৩৬)কে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেদোয়ান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। সূত্রমতে, রেদোয়ান লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পাঁচদিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

পাঁচদিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলেকে সজিব হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। আমার ছেলে কষ্ট করে ব্যাংকটি পরিচালনা করছিল। ছেলে চাঁদা না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভেবেছি আর ঝামেলা করবে না।

আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সজিব নামে একজন এ হত্যার সঙ্গে জড়িত। সেসহ আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে, কেউই রেহাই পাবে না। এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।