প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, দেশের প্রতি ভালোবাসা, নাগরিক দায়িত্ববোধ এবং দেশের সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনা থেকেই দেশের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা উচিত। বিগত ১৫-১৬ বছর দেশে বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ জুলুম ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সামনে এসেছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং দেশের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউট্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক এবং জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শামসুল আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউট্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম শেখ মোঃ সালাউদ্দিন।
এছাড়া দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
