হত্যা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি

ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রেসিডেন্ট

হত্যা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি

ফন্ট সাইজ:

মানুষ হত্যা, আগুন সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি; আর এসব সমস্যার সমাধান না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

শুক্রবার ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে ১৮৬ বছরে পা রাখা দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি প্রেসিডেন্টের জন্য কেবল রাষ্ট্রীয় দায়িত্বই ছিল না, ছিল নিজের শিকড়ে ফেরার উপলক্ষ্যও। একসময় এই ঢাকা কলেজের ছাত্র এবং পরবর্তী সময়ে এখানেই শিক্ষকতা করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে কলেজজীবনের স্মৃতিচারণা করেন।

দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের মঞ্চে দাঁড়িয়েই দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট। তিনি প্রশ্ন তোলেন, দেশের স্কুল-কলেজগুলো জাতীয় জীবনে আসলে কতটুকু ফল দিচ্ছে, তা এখন ভাবতে হবে।

নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূলে ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে; কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।

সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি তরুণ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সরকারের মন্ত্রী- সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।