কাফনের কাপড় প্রস্তুত রাখিস

ছাত্রলীগ নেতা পরিচয়ে ওসিকে হুমকি

কাফনের কাপড় প্রস্তুত রাখিস

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে প্রাণনাশের হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। ওই দিনই থানায় জিডি করেছেন ওসি। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিষয়টি জানাজানি হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে চাপ দেয়ার পাশাপাশি ওসির পরিবারের সদস্যদের ক্ষতি এবং বংশ ধ্বংস করে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। সর্বশেষ বার্তায় তাকে ‘কাফনের কাপড় প্রস্তুত’ রাখতে বলা হয়।
জিডি সূত্রে জানা যায়, গত ১৮ই নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত (+২৭) একটি নম্বর থেকে ওসির সরকারি মুঠোফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। নম্বরটির হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে। শুরুতে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওসিকে উদ্দেশ্য করে বলা হয়, তিনি আগের মতো দায়িত্ব পালন অব্যাহত রাখলে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এরপর সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দিয়ে বার্তায় লেখা হয়, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব। অন্য একটি বার্তায় বলা হয়, নিজের জীবন ও জোরারগঞ্জ থানার কথা চিন্তা করে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে। অন্যথায় রক্ষা নেই।
সর্বশেষ বার্তায় ওসিকে উদ্দেশ্য করে লেখা হয়, এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি। এসব বার্তায় তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়া হয়।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, থানার পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রমে থাকার সময় তিনি হুমকির বার্তাগুলো পান। দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। তবে এসব হুমকিতে তিনি ভয় পান না। দায়িত্ব পালন করে যাবেন।
ওসি আরও বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি ও মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব অভিযানের কারণে তাকে হুমকি দেয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

মোহাম্মদ আব্দুল হালিম বলেন, হুমকিদাতা দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত নম্বর ব্যবহার করলেও সেটি দেশের ভেতর থেকে পরিচালিত হয়ে থাকতে পারে। তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
সংশ্লিষ্ট নম্বরের পরিচয় শনাক্ত করতে সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।