অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন।

২০ থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত এই সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন শফিকুর রহমান। পাশাপাশি দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়াতেও প্রবাসীদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তার। সফরে শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সফর শেষে আগামী ২৬শে নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার।