স্যান্ডপেপারগেট-কেলেঙ্কারি নিয়ে নতুন করে সামনে আসা অভিযোগে এবার বড় প্রশ্নের মুখে প্যাট কামিন্সের নেতৃত্ব। অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসনের মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর চাপ সামলানো কঠিন হয়ে উঠতে পারে কামিন্সের জন্য।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালের টেস্ট সিরিজে স্যান্ডপেপার ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তনের ঘটনায় নতুন করে মুখ খুলেছেন উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফট। তাদের দাবি, দলের অনেকেই বিষয়টি সম্পর্কে জানতেন। আট বছর পরও এই ঘটনায় সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন তুলেছেন খাজা। তবে অভিযোগ অস্বীকার করে কামিন্স একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।
এদিকে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত এক নিবন্ধে ব্যানক্রফট দাবি করেন, রিভার্স সুইং আদায়ের কৌশল নিয়ে দলের বোলারদের সঙ্গে তার আলোচনা হয়। এমনকি তার কর্মকাণ্ড দলের অন্যদের উৎসাহও পান বলে উল্লেখ করেন তিনি। ব্যানক্রফটের বক্তব্যে বিশ্বাস রাখছেন জনসন। তিনি বলেন, ‘আমি ব্যানক্রফটের বক্তব্য বিশ্বাস করি। তার কথাগুলো বাস্তব মনে হয়েছে। লেখার প্রতিটি শব্দে আন্তরিকতা অনুভব করেছি। এখন তার হারানোর কিছু নেই। অন্য খেলোয়াড়দের দেয়া বিস্তারিত বর্ণনার সঙ্গেও তার বক্তব্য মিলে যায়।’
কামিন্সের নেতৃত্ব নিয়ে জনসনের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ। সাবেক এই বাঁহাতি পেসার বলেন, ‘কামিন্সের ওপর এখন প্রচণ্ড চাপ। তিনি হয়তো আগের বক্তব্য এবং ২০২১ সালে বোলারদের দেয়া বিবৃতির পক্ষেই থাকবেন। কিন্তু টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়ার জন্য জনমতের চাপ এবার তার জন্য অনেক বেশি হতে পারে। এই পরিস্থিতিতে তার অধিনায়কত্ব ও ব্যক্তিগত ভাবমূর্তি টিকে থাকবে কি না, তা নিয়ে আমার সংশয় রয়েছে।’
বিষয়টি তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ঘোষিত স্বাধীন ফোরাম নিয়েও প্রশ্ন তুলেছেন জনসন। তার মতে, শুধু নিরাপদ পরিবেশে আলোচনা আয়োজন করলেই হবে না। জনসন বলেন, ‘ভক্তদের কাছে সত্য প্রকাশ করা ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব। আট বছর আগে যে তদন্তের মাধ্যমে বিষয়টির সঠিক নিষ্পত্তি হওয়ার কথা ছিল, সেটি সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। আমরা সত্য ও জবাব চাই।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, এখানে একাধিক সত্যের সুযোগ নেই। ‘বিয়ন্ড ২৩’ পডকাস্টে ক্লার্ক বলেন, ‘আমি মনে করি না, এই গল্পের দুটি পক্ষ রয়েছে। সত্য একটিই। কেউ না কেউ মিথ্যা বলছে।’
ক্লার্কের মতে, মূল অপরাধের চেয়েও ঘটনার পরবর্তী সময়ে মিথ্যা বলা ও আচরণ নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন বেশি। তার দাবি, ব্যানক্রফটের নতুন বক্তব্যেই প্রস্তাবিত ফোরামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
