আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৬ সালের ১৯ নভেম্বরের ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক আইন এবং দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ৯–৬ ভোটে দেওয়া এই রায়ে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় গণহত্যা সংঘটিত করেছে। ইতিহাসে প্রথমবারের মতো আইসিজে ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে। তবে এই ঐতিহাসিক রায়ের প্রকৃত তাৎপর্য শুধু এর আইনি কর্তৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বিচারিক স্বীকৃতিকে জবাবদিহি, ক্ষতিপূরণ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসনে রূপান্তর করা যায় কি না, তার ওপরই এর কার্যকারিতা নির্ভর করবে।
এই রায় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল প্রতিষ্ঠা করেছে। আদালত দেখতে পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, শিশু ও পালিয়ে যাওয়া বেসামরিক মানুষের ওপর হামলা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গা গ্রাম ধ্বংস করেছে। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় অন্তত ১০ হাজার মানুষ নিহত হয় এবং ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনসহ সামগ্রিক প্রমাণ পর্যালোচনা করে বিচারকরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করা। আদালত মিয়ানমারের এই যুক্তি গ্রহণ করেনি যে, এসব অভিযান কেবল বিদ্রোহ দমন বা জনগোষ্ঠীটিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।
এই রায়ের আইনি তাৎপর্য মিয়ানমারের সীমানা ছাড়িয়ে বিস্তৃত। আদালত গণহত্যা সনদের প্রতিষ্ঠিত ব্যাখ্যা এবং কঠোর প্রমাণের মানদণ্ড অনুসরণ করেছে। এই রায় দেখিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সামগ্রিক ধরন, সহিংসতার ধারাবাহিকতা, ভুক্তভোগীদের নির্বাচন এবং একটি জনগোষ্ঠীর অস্তিত্বের ভিত্তি ধ্বংসের প্রচেষ্টার মতো পারিপার্শ্বিক প্রমাণের সমন্বিত বিশ্লেষণের মাধ্যমে গণহত্যার অভিপ্রায় প্রতিষ্ঠা করা সম্ভব। এটি সেই নীতিকেও আরও শক্তিশালী করেছে যে, গণহত্যা নির্ধারণের ক্ষেত্রে শুধু নিহত মানুষের সংখ্যা নয়, বরং নিষিদ্ধ কর্মকাণ্ডের পেছনে থাকা সুনির্দিষ্ট উদ্দেশ্যই মুখ্য। ফলে গাজা নিয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলাসহ গণহত্যা সনদের অধীনে অন্যান্য আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমেও এই রায় প্রভাব ফেলতে পারে।
ছয়জন ভিন্নমত পোষণকারী বিচারকের অবস্থান থেকে বোঝা যায়, এই রায় নিয়ে আইনি বিতর্ক রয়েছে। হেগ ইনিশিয়েটিভ ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের অ্যান্ড্রু টাকার মনে করেন, সংখ্যাগরিষ্ঠ বিচারকদের দৃষ্টিভঙ্গি গণহত্যার অভিপ্রায় প্রমাণের মানদণ্ডকে সহজ করে দিতে পারে। এই মতপার্থক্য প্রমাণের গ্রহণযোগ্যতা, পরোক্ষ প্রমাণের ব্যাখ্যা এবং আন্তর্জাতিক আদালতগুলো গণহত্যা আইন কতটা ধারাবাহিকভাবে প্রয়োগ করছে—এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। তবে সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে, সামগ্রিক প্রমাণ থেকে একটিই যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানো যায়: মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করেছে। এই রায়ের গুরুত্ব আইনি বিতর্কের অবসান ঘটানোর মধ্যে নয়; বরং এটি দেখিয়েছে, গণহত্যা সনদের মাধ্যমে গণহত্যার জন্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা সম্ভব।
তবে রাষ্ট্রের দায় নির্ধারণ এবং ব্যক্তিগত অপরাধের বিচার এক বিষয় নয়। আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে; এটি কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে কারাদণ্ড দিতে পারে না। যেসব সামরিক কর্মকর্তা নৃশংসতার পরিকল্পনা করেছেন, নির্দেশ দিয়েছেন বা তাতে অংশ নিয়েছেন, তাঁদের ব্যক্তিগত জবাবদিহি নিশ্চিত করতে উপযুক্ত আন্তর্জাতিক ও জাতীয় বিচারিক ব্যবস্থায় পৃথক ফৌজদারি কার্যক্রম প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থা এবং অন্যান্য জবাবদিহিমূলক উদ্যোগ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিজের রায় এসব উদ্যোগের জন্য প্রমাণ ও আইনি ভিত্তি শক্তিশালী করতে পারে, কিন্তু সেগুলোর বিকল্প হতে পারে না।
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু হয়েছে রায়ের পর—এর বাস্তবায়ন। রায়টি চূড়ান্ত এবং মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। আদালত গণহত্যার পুনরাবৃত্তি প্রতিরোধ, দায়ীদের তদন্ত ও শাস্তি নিশ্চিত করা, ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বাধ্যবাধকতার ওপর গুরুত্ব দিয়েছে। তবে কোনো রাষ্ট্র আদালতের রায় মানতে অস্বীকার করলে, তা কার্যকর করার জন্য আন্তর্জাতিক আইনে বাধ্য করার মতো ব্যবস্থা খুবই সীমিত। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আইসিজের রায় বাস্তবায়নে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা বিবেচনা করতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদের রাজনৈতিক বিভাজন এবং স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে এমন পদক্ষেপ বাধাগ্রস্ত হতে পারে। মিয়ানমারের সঙ্গে চীনের দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক এবং রাশিয়ার অবস্থান কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণকে জটিল করে তুলতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উচিত এই রায়কে সংকটের সমাপ্তি হিসেবে না দেখে ধারাবাহিক কূটনৈতিক চাপ বজায় রাখা।
বাংলাদেশের জন্য এই রায় একই সঙ্গে একটি কূটনৈতিক সুযোগ এবং জরুরি নীতিগত দায়িত্ব তৈরি করেছে। প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশকে বিপুল অর্থনৈতিক, পরিবেশগত, নিরাপত্তা ও মানবিক চাপ বহন করতে হচ্ছে। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং শরণার্থী শিবিরগুলোর অবনতিশীল পরিস্থিতি সংকটকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ অনির্দিষ্টকাল ধরে প্রতিবেশী রাষ্ট্রের সংঘটিত নৃশংসতার পরিণতি বহন করতে পারে না। আইসিজের রায় ঢাকার আইনি ও কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যে, রোহিঙ্গা সংকট কেবল শরণার্থী বা মানবিক সমস্যা নয়; এটি গণহত্যা এবং রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতার পরিণতি।
তবে কূটনৈতিক ঘোষণা কিংবা প্রত্যাবাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব নয়। মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এখনো গভীরভাবে অস্থিতিশীল। সামরিক জান্তা দেশজুড়ে প্রতিরোধশক্তি গুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা বেসামরিক জনগণ এখনো নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, চলাচলে বিধিনিষেধ এবং অন্যান্য নিপীড়নের ঝুঁকিতে রয়েছে। মিয়ানমার আনুষ্ঠানিকভাবে আদালতের রায় মেনে নিলেও কার্যকর বেসামরিক সুরক্ষা ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক নিশ্চয়তা ছাড়া বড় পরিসরে প্রত্যাবাসন বাস্তবসম্মত নয়।
টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, নাগরিকত্ব, সম্পত্তির অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনসহ রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করে রাখার পেছনে থাকা বৈষম্যমূলক আইনি কাঠামোর পরিবর্তন জরুরি। নাগরিকত্ব ও সমান আইনি সুরক্ষা ছাড়া প্রত্যাবাসন হলে তা রোহিঙ্গাদের আবারও সেই বঞ্চনা ও নিপীড়নের পরিবেশে ফিরিয়ে দিতে পারে, যার ফলে মূলত এই নৃশংসতার সৃষ্টি হয়েছিল।
এই সংকটের ভূরাজনৈতিক দিকটিও সমান গুরুত্বপূর্ণ। মিয়ানমারে চীনের উল্লেখযোগ্য অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত স্বার্থ রয়েছে। এর মধ্যে বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ সৃষ্টিকারী চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর অন্যতম। ভারতও দেশটিতে যোগাযোগ, নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের সঙ্গে জড়িত। শুধু আদালতের রায়ের কারণে চীন বা ভারত তাদের কৌশলগত হিসাব-নিকাশ পরিত্যাগ করবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তবে উভয় দেশেরই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে নতুন নিরাপত্তা সংকট সৃষ্টি হওয়া প্রতিরোধে স্বার্থ রয়েছে। বাংলাদেশের উচিত ধারাবাহিক দ্বিপক্ষীয় কূটনীতির মাধ্যমে বেইজিং ও নয়াদিল্লিকে সম্পৃক্ত করা এবং বোঝানো যে, একটি টেকসই রাজনৈতিক সমাধান ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন বৃহত্তর আঞ্চলিক স্বার্থেই জরুরী।
এ বিষয়ে আসিয়ানেরও দায়িত্ব রয়েছে। সংস্থাটি দীর্ঘদিনের 'অনধিকারচর্চা না করার নীতি'র আড়ালে অবস্থান না করে এখন কার্যকর ভূমিকা নিতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে বাংলাদেশ এ বিষয়ে যৌথ গুরুত্ব আরোপ করতে পারে। রোহিঙ্গা সংকট ক্রমেই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের উচিত চলমান নিপীড়নের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বিত কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা। নিরাপত্তা পরিষদ রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়লে জাতিসংঘ সাধারণ পরিষদও আন্তর্জাতিক চাপ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চৌকষ কূটনীতির এখনই শ্রেষ্ঠ সময়। বাংলাদেশের অগ্রাধিকার হওয়া উচিত এই রায়কে জবাবদিহি ও প্রত্যাবাসনের জন্য সমন্বিত আন্তর্জাতিক কৌশলে রূপান্তর করা। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে চ্যালেঞ্জ হলো—গণহত্যা সনদকে কেবল নৈতিক আদর্শের ঘোষণায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করা।
আইসিজের রায় একটি অসাধারণ আইনি নজির প্রতিষ্ঠা করেছে, কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের ওপর। রোহিঙ্গা গণহত্যার বেঁচে যাওয়া মানুষের কাছে এই স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রায় একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নের উত্তর দিয়েছে: মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা করেছে। কিন্তু আরও কঠিন প্রশ্নটি এখনো রয়ে গেছে—আন্তর্জাতিক সম্প্রদায়ের কি এই রায়কে অর্থবহ করে তোলার মতো রাজনৈতিক সদিচ্ছা রয়েছে? বিচার যদি আদালতের কক্ষেই শেষ হয়ে যায়, তাহলে রোহিঙ্গারা এমন এক রায়ের শিকার হয়েই থেকে যাবে, যা তাদের দুর্ভোগকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তাদের ভবিষ্যৎ ফিরিয়ে দিতে পারেনি।
