রাতে মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রাতে মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়িটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাহিন সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায়। এ ঘটনার সময় বাড়িতে তার অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। মাহিন ঢাকায় অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করলেও বাড়ির প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিলেন আমার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজকে রাত সাড়ে নয়টায় আমার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে, কারা এই নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ।