শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে ফের চিঠি

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে ফের চিঠি

ফন্ট সাইজ:

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের অগ্রগতি জানতে চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে  ফের চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।
প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস বৃহস্পতিবার হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এ চিঠি পাঠান। এবার চিঠির সঙ্গে শেখ হাসিনার একটি প্রত্যয়নপত্রও যুক্ত করা হয়েছে।

চিঠিতে গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির প্রসঙ্গ উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনের সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হয়।
স্টিভেন পাওলেস চিঠিতে উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন হাইকমিশনে পৌঁছেছে। তবে এ বিষয়ে তার পক্ষে আইনগতভাবে প্রতিনিধিত্ব করার অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ কারণে শেখ হাসিনার পক্ষে কাজ করার অনুমতি সংবলিত একটি স্বাক্ষরিত চিঠি এবারের আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি সম্পর্কে জরুরি ভিত্তিতে হালনাগাদ তথ্য ও জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে গত ৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্সের তরফে বাংলাদেশের হাইকমিশনে প্রথম চিঠি পাঠানো হয়েছিল।
তবে গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লি হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, ওকালতনামায় শেখ হাসিনার জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। কারণ সাবেক এই প্রধানমন্ত্রী সবসময় বাংলায় স্বাক্ষর করে থাকেন। ওকালতনামায় দেওয়া স্বাক্ষরটি ইংরেজিতে।

এদিকে , প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সাথে এবিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন। শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও NID তে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই বলেও ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়।