দোকানপাট খুলছে তবে কাটেনি আতঙ্ক

গোপালগঞ্জ

দোকানপাট খুলছে তবে কাটেনি আতঙ্ক

ফন্ট সাইজ:

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে জনজীবনে এখনো কাটেনি আতঙ্কের রেশ। মানুষের মধ্যে বিরাজ করছে চাপা উদ্বেগ, রাস্তাঘাটেও নেই স্বাভাবিক সময়ের মতো জনসমাগম। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আমরা নিয়মিত ডিউটি পালন করছি। এখন গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক।

শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সদর উপজেলার লঞ্চঘাট, পুলিশ লাইন ও আশপাশের কয়েকটি এলাকায় কিছু দোকানপাট খুলতে দেখা গেছে। যানবাহন ও মানুষের চলাচলও ধীরে ধীরে বাড়ছে। তবে পুরো শহরজুড়েই একধরনের সুনসান নীরবতা বিরাজ করছে। স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি ছিল অনেক কম।

আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে গোপালগঞ্জের জনজীবন। দোকানপাট খুললেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখনো চোখে পড়ছে না। শহরের স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরতে আরও সময় লাগবে বলে মনে করছেন স্থানীয়রা।