আওয়ামী লীগ ঠেকাতে এককাট্টা হচ্ছে সব দল

সহযোগীদের খবর

আওয়ামী লীগ ঠেকাতে এককাট্টা হচ্ছে সব দল

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ ঠেকাতে এককাট্টা হচ্ছে সব দল। আজকের পত্রিকার শিরোনাম। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে গত বুধবার বক্তৃতায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দুজনই ঐক্যের কথা বলেন। এরপর অধিবেশন শেষে সংসদ ভবনেই একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এর পরপরই ঐক্যের উদ্যোগ জোরালো হয়।

জানা গেছে, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠক হতে পারে। সেই বৈঠক থেকে নতুন মোর্চার ঘোষণাও আসতে পারে বলে জানা গেছে।
সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য তৈরিতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপিদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে। বুধবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র আরও জানায়, বৈঠকে জুলাইয়ের পক্ষের সব দলগুলোর সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহের শেষ দিকে আলোচনা ও বৈঠকে বসার পরিকল্পনা চলছে। এর অংশ হিসেবে আলোচনার রূপরেখা তৈরির পাশাপাশি বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্ভাব্য এই বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে অন্যান্য দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির একটি সম্ভাব্য বৈঠক ২৭ বা ২৮ নভেম্বর হতে পারে। বৈঠকের স্থান এখনো চূড়ান্ত করা হয়নি।

যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আশরাফ উদ্দিন নিজান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (বুধবার) পার্লামেন্টে পার্টি মিটিংয়ে আমি বলেছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আগামী দিনে জাতীয় রাজনীতির যেকোনো সংকটে গণতন্ত্র এবং মানুষের কথা বলার ও বাক্‌স্বাধীনতার অধিকার রক্ষা করতে আন্দোলনের সকল শক্তি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে এবং তা প্রতিহত করবে। আন্দোলন-সংগ্রামে থাকা সকল দলকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো ষড়যন্ত্র ও প্রক্সি যুদ্ধ বা আকস্মিক নাশকতার চেষ্টা আমরা একসঙ্গে প্রতিহত করব।’

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে বাকি বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’

গতকাল ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রশ্নে সরকারও বিষয়টি অনুভব করছে এবং স্বীকার করছে। তবে ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।

জানতে চাইলে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে জুলাইয়ের সব শক্তি একমত। ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া যাবে না; এর শিকড় সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দল এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মনে করি, জাতীয় ঐক্য অবশ্যই প্রয়োজন। তবে তা শুধু আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলার জন্য নয়; রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার, ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনীতি বিনির্মাণসহ সব ক্ষেত্রেই সার্বিক জাতীয় ঐক্য প্রয়োজন।’

এদিকে এনসিপির নেতারা বলছেন, সরকার এককভাবে পরিস্থিতি সামাল দিতে না পারলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানাতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, বিএনপির পক্ষ থেকে তাঁদের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় দলটির নিজস্ব কর্মসূচি থাকবে। মাঠে এনসিপির জোরালো অবস্থান দেখা যাচ্ছে না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘দেখা যাবে।’

১৯৯৯ সালের শুরু থেকেই জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছিল বিএনপি-জামায়াত। জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত অধিকাংশ সময় এক সঙ্গেই ছিল দল দুটি। কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী সময় নির্বাচনী রাজনীতিতে প্রতিপক্ষ হয়ে পড়ে তারা। যদিও নির্বাচনের আগপর্যন্ত বিভিন্ন ইস্যুতে আলোচনার টেবিলে বসেছিলেন দল দুটির নেতারা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ক্ষমতাসীন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত-এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

নির্বাচনের পরে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে মতপার্থক্য প্রকট হয়ে ওঠে। বিএনপি সংবিধান সংশোধন করে সনদ বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে জামায়াত-এনসিপি জোট গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার চায়। যা নিয়ে সংসদের পাশাপাশি রাজপথেও কর্মসূচি পালন করে আসছে বিরোধী জোট।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সরকার ও সংসদের বিরোধী দলের মধ্যে ক্রমাগত দূরত্ব এবং পরস্পরকে আক্রমণের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে যে ঐক্যের ডাক এসেছে, দেশের বিদ্যমান বাস্তবতায় তা প্রয়োজন বলে মনে করে দেশবাসী। কারণ, এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি চলতে থাকলে জনগণের জীবনযাত্রা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। তাই এ বিষয়ে সমন্বিতভাবে অগ্রণী ভূমিকা নেওয়া হলে তা ইতিবাচক হবে।


তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না :বিশ্বব্যাংক। এটি ইত্তেফাকের শিরোনাম। খবরে বলা হয়, স্বল্প রাজস্ব আদায়, ক্রমবর্ধমান অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপে বাংলাদেশের উন্নয়নমূলক খাতে বিনিয়োগ সংকুচিত হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল স্তম্ভ করতে হবে। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ঢালাও ভর্তুকির বদলে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সহায়তা চালুর সুপারিশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতির প্রধান দুর্বলতাগুলো তুলে ধরা হয়েছে। এর একটি হলো কর্মসংস্থানে স্থবিরতা। প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম প্রতি পাঁচ জন নারীর মধ্যে তিন জনই শ্রমবাজারের বাইরে এবং মোট শ্রমশক্তির ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা রাজস্ব আয়। ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের অর্ধেকেরও কম। অর্থনীতির আরেকটি দুর্বলতা হলো উন্নয়ন ও শিক্ষা খাতে স্বল্প ব্যয়। ২০২১-২০২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৪-২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। শিক্ষা খাতে ব্যয়ও জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। ঋণের সুদ পরিশোধের চাপ অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা। ২০১৬-২০১৭ অর্থবছরে সুদ পরিশোধ ব্যয় জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থাকলেও চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে। অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ সীমিত করতে পারে। প্রতিবেদনে জ্বালানি ভর্তুকির বোঝা বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। বিদ্যুত্ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৭-২০১৮ অর্থবছরের জিডিপির ০ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২০২৫ অর্থবছরে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধিতে এই চাপ আরো বাড়ার শঙ্কা রয়েছে।

দেশ রূপান্তরের খবর— বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে। প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। বিরোধী দল তাদের দাবি আদায়ে রাজপথে কর্মসূচিও পালন করেছে।

এর মধ্যে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়েছে এবং তা চলমান আছে। ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে জাতীয় সংসদে ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার আহ্বানে সাড়া দিয়েছে বিরোধী দল এবং বিএনপির পাশাপাশি রাজপথে ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'সংবিধান সংস্কার, গণভোটসহ আমাদের যে দাবি রয়েছে, সেগুলো থাকবে। সে দাবি আদায়ে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু ফ্যাসিবাদের উত্থান রুখে দেওয়া সবার আগে প্রাধান্য পাবে। তাই এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে রয়েছি এবং থাকব।'
এদিকে, আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মসূচি দমনে সরকার মানবাধিকার বজায় রেখে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সমকালের প্রথম পাতার খবরের শিরোনাম— ২৪ জেলায় নাশকতা, তিন ইউপি অফিসে আগুন। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে অন্তত ২৪টি জেলায় নাশকতা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্য (এমপি) ও ময়মনসিংহে সাবেক এমপির বাড়িসহ বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনা যানবাহনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা চালানো হয়।
গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এর মধ্যে তিন জেলায় তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে হামলা ও আগুন দেওয়া হয়। পাবনায় থানা ঘেরাও করা হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে, পদ্মা সেতু হয়ে খুলনা, বাগেরহাট, বরিশাল ও সাতক্ষীরার বাস গতকাল চলাচল করেনি। তবে খুলনা ও সাতক্ষীরার বাস বিকল্প পথে চলেছে।

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ অফিসে হামলা-আগুন— নয়া দিগন্তের প্রথম পাতার খবরের শিরোনাম ।
এতে বলা হয়, মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের তথ্য পাওয়া গেছে।
সবচেয়ে বেশি আটটি হামলার ঘটনা ঘটে গোপালগঞ্জে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর, সেখানে হামলার ঘটনা ছয়টি।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের একটি নোটে এসব তথ্য উঠে এসেছে।
ব্যাংকটির নিজস্ব হিসাব অনুযায়ী, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর মধ্যে গত মঙ্গলবার ও বুধবারই ঘটেছে ৪৯টি।
ধারাবাহিক এই হামলা দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রম, গ্রামীণ পর্যায়ের আর্থিক সেবা এবং ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

প্রথম আলোর খবর— নাশকতা মোকাবিলায় সরকারের সতর্ক।

খবরটিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার।

এরই মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।

অন্যদিকে, সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে।

বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।

সরকার ও বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের চলমান সহিংসতাকে উসকানি হিসেবে দেখছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ— এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে। তবে সরকার এ ধরনের উসকানিতে পা দিতে চায় না।

কালের কণ্ঠের প্রধান শিরোনাম— জেনোসাইড চালিয়েছে মিয়ানমার।
প্রতিবেদনটিতে বলা হয়, মিয়ানমারে 'জেনোসাইডের' লক্ষ্যে রোহিঙ্গা গণহত্যা চালানোর প্রমাণ মিলেছে বলে রায় দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
গতকাল বৃহস্পতিবার দেওয়া এই রায়ে বিচারকরা বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার পরিচালিত কর্মকাণ্ডে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে 'ধ্বংস করার উদ্দেশ্য' ছিল, যা গণহত্যার আইনের মধ্যেই পড়ে।
মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড চালায় বলে রায়ে উল্লেখ করা হয়।

এতে ১১-৪ ভোটে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেন যে গণহত্যা ও জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে তালিকাভুক্ত অন্যান্য অপরাধের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।

নাৎসি হলোকস্টের পর এটি চতুর্থ ঘটনা, যেখানে কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হওয়ার রায় দিলেন।

বণিক বার্তার প্রধান শিরোনাম— ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ পেতে মামলা প্রত্যাহারের শর্ত শিথিল। খবরে বলা হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, বন্ধ শিল্প-কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

এসব স্কিমের সুবিধা পেতে সরকার, কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ঋণগ্রহীতাদের দায়ের করা মামলা বা রিট প্রত্যাহারের শর্ত দিয়েছিল সংস্থাটি।

কিন্তু এ শর্তের কারণে আদালতের আশ্রয় নেওয়া ঋণগ্রহীতাদের নীতিসহায়তা পাওয়ার সুযোগ সংকুচিত হয়। এমন পরিস্থিতিতে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে কোনো ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিলে সংশ্লিষ্ট গ্রাহক ১৫টি স্কিমের আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ সুযোগ দেয়া হয়েছে।


আওয়ামী নৈরাজ্য প্রতিরোধ- জাতীয় ঐক্য কোন পথে। যুগান্তরের শিরোনাম এটি । এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্ত্রাস, হত্যা ও নাশকতার ঘটনায় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হলেও এক মঞ্চে ওঠা বা যুগপৎ কর্মসূচির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা যায়, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো যার যার অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর জোট ৪০ দিনের এবং বিএনপি ডিসেম্বর ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তবে নাশকতা ঠেকাতে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় ও রাজনৈতিক সংস্কার প্রশ্নে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। ফলে লিখিত অঙ্গীকার ও অভ্যন্তরীণ টানাপোড়েনের মুখে এই জাতীয় ঐক্য শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

বুধবার জাতীয় সংসদে তারেক রহমান বলেন, আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। অপশক্তির বিষদাঁত জনগণ ভেঙে দেবে। জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, আলাদা কর্মসূচির পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিহতে শিগ্গিরই সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং ইস্পাতকঠিন ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিরোধী সূত্রগুলোর দাবি, বিএনপির সঙ্গে বিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের ক্ষেত্রে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রী ফাটল ধরাতে কাজ করছেন। তাদের মাত্রাতিরিক্ত দাম্ভিকতা ও প্রতিপক্ষের ওপর আক্রমণ সীমা ছাড়িয়ে গেছে উল্লেখ করে বিরোধী শিবির জানতে চায়, এদের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে।

বিরোধী সূত্রগুলো আরও জানায়, এই ঐক্য সাময়িক হতে পারে না। বিএনপি এখন বেকায়দায় পড়ে ঐক্য চাইলেও সাময়িক বিপদ কেটে গেলে তারা পুরোনো কায়দায় বক্তব্য রাখবে-তা হতে দেওয়া যাবে না। এজন্য লিখিত অঙ্গীকার করতে হবে। বিরোধী দলগুলোর মতে, এই ঐক্যের নাম হবে ‘জুলাই ঐক্য’। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে টালবাহানা করা হয়েছে এবং যেসব গুরুত্বপূর্ণ ইস্যু বাতিল করা হয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে এবং সংবিধানে জুলাই সংক্রান্ত বিষয় কতটুকু যুক্ত হবে, তা লিখিতভাবে চূড়ান্ত করতে হবে। তবে রাজপথে সবাই নিজ নিজ অবস্থানে থেকেই আন্দোলন করবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদ সারা দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, নাশকতার যে নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, এর বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল প্রতিরোধ গড়ে তুলবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

জাতীয় ঐক্যের সঙ্গে জুলাই সনদের সম্পর্ক নেই উল্লেখ করে রিজভী আরও বলেন, ক্ষমতাসীন দল বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিছু জায়গায় নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়েই তা হবে। এখন দেশ ও জনগণের স্বার্থেই রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য দরকার। কারণ, হাসিনার যদি পুনর্জাগরণ হয়, তাহলে গণতন্ত্র বাঁচবে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না। আর গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীও বাঁচবেন না। ভেতরে ভেতরে যে যাই বলুক, আওয়ামী লীগের নাশকতা ঠেকানোর ব্যাপারে সবাই একমত।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলের পক্ষ থেকে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা শেষে সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর নৈরাজ্য রুখতে জুলাই শক্তির অংশ হিসাবে আমরা মাঠে থাকব। বিএনপি সরকারি দলে, আর আমরা বিরোধী দলে। তাই এক মঞ্চে বা যুগপৎ আন্দোলন হবে না। সেটা যখন আমরা সবাই বিরোধী দলে ছিলাম, তখন হয়েছে। এখন নৈরাজ্য প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব দল পৃথকভাবে কর্মসূচি দিয়ে মাঠে থাকবে। জামায়াতে ইসলামীও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে শক্ত অবস্থান নেবে।

আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে সক্রিয় রয়েছে বলে জানান দলটির সদস্য সচিব ও সংসদ-সদস্য আখতার হোসেন। তিনি যুগান্তরকে বলেন, এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী সোচ্চার রয়েছে। আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব। তবে আমরা দেখছি সরকার সন্ত্রাসীদের প্রতি বেশ নমনীয় ভাব দেখাচ্ছে। সরকারের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যা করতে সরকার ব্যর্থ হচ্ছে। সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। সরকারকেই অপরাধী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ। আগামীর সময়ের শিরোনাম। এতে বলা হয়, গোপালগঞ্জে বারবার সহিংসতা। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে অস্থির জনপদ। এবার পরিস্থিতির প্রভাব ছড়িয়েছে অন্য জেলায়ও। গত কয়েক দিনে নারায়ণগঞ্জ, চাঁদপুর, ময়মনসিংহ, পিরোজপুর ও রাজশাহীতে হামলা, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটেছে। কেন বারবার অশান্ত হচ্ছে গোপালগঞ্জ? কেন হামলা-ভাঙচুর থামানো যাচ্ছে না? এসব প্রশ্নের জবাবে উঠে আসছে নানা বক্তব্য।

একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মে ফাটল ধরার সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। বিরোধী পক্ষের মধ্যে ঐক্য ও সমন্বয় না ফিরলে এই সুযোগে সহিংসতা ও নৈরাজ্য চালিয়ে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা চলতে পারে।

অপরাধ বিশেষজ্ঞদের দাবি, এখনো ট্রমা থেকে বের হতে পারেনি অধিকাংশ পুলিশ সদস্য। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত সরকারের প্রতি দুর্বলতার কারণে অনেক পুলিশ সদস্য তাদের অধীনস্থ এবং সহকর্মীদের নীরব থাকতে নানাভাবে প্রভাবিত করছেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামীর সময়কে বলছিলেন, ‘সহিংসতা মোকাবিলায় সরকারকে স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর জাতীয় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। গণতন্ত্রের স্বার্থে এর কোনো বিকল্প নেই।’

বুধবার রাতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, হামলাকারীরা চায় সরকার যেন তাদের কায়দায় রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। কিন্তু বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। জনগণ রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।

তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যে ভিন্ন মনোভাবের ইঙ্গিত পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুগ্ম সচিব পদমর্যাদার ওই কর্মকর্তা বললেন, ‘আমরা আপাতত কোনো কিছুই করতে চাই না। গোপালগঞ্জে মানুষ যদি মনে করে তারা তাদের হাসপাতাল, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে ফেলবে, তবে তাই করুক। আমরা শুধু সরকারি লোকদের নিরাপদে রাখতে চাই। এখন সিদ্ধান্ত নেবে ওই জেলার লোকজন।’

হামলার ধারাবাহিকতা

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। ১৫ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম ঘিরে উত্তেজনা ও সংঘর্ষ হয়। এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতীতে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। ১৮ নভেম্বর সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দেওয়া হয়। সর্বশেষ ১৯ নভেম্বর কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের মাঝিগাতীতে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন মুকসুদপুর থানায় এবং ফরিদ মিয়া সুপার মার্কেটের গ্রামীণ ব্যাংক শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার শিকার হয় মুকসুদপুর বিএনপি কার্যালয়ও। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়া হয়।