সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সুউচ্চ টাওয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ভবনটিকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন। এ খবর দিয়েছে আল জাজিরা।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানায়, হুতিদের হামলায় টাওয়ারটি এবং এর আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক স্থাপনায় হুতিদের এই হামলার তীব্র নিন্দা জানায়। এক্সে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং এই জঘন্য হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে জানান, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করেছে তাদের বাহিনী। কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এছাড়া রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান।
ইরান সমর্থিত হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস ভবন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর আগে ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবনে এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরে হামলার দাবি করে তারা। এছাড়া অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হন। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, বৃহস্পতিবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।
চলমান সংঘাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।
বৃহস্পতিবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায়, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৭৪ হাজার শিশুসহ ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টে শুরু হওয়া এই সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন। সম্প্রতি হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।
