মালয়েশিয়ায় শরণার্থী নিবন্ধন কার্যক্রম বন্ধ করল জাতিসংঘের ইউএনএইচসিআর

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। গত ১৮ নভেম্বর ২০২৬ থেকে সংস্থাটির নিবন্ধন ও নথিপত্র সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়েছে। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিবন্ধন কার্যক্রম সরকার পরিচালিত নিজস্ব ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হবে।

হরিয়ান মেট্রোর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউএনএইচসিআর জানিয়েছে, শরণার্থী ব্যবস্থাপনা ও আশ্রয়প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সরকারের অধীনে নেওয়ার উদ্যোগকে তারা সমর্থন করছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এর উদ্দেশ্য হলো নতুন ব্যবস্থায় দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা।

ইউএনএইচসিআরের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের কার্যক্রম বন্ধ হলেও মালয়েশিয়ায় সংস্থাটির অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন ব্যবস্থায় মালয়েশিয়া সরকারকে কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি তৃতীয় দেশে পুনর্বাসন এবং জরুরি সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সহায়তা কার্যক্রমও চলবে।

বারনামার প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়া সরকার শরণার্থী নিবন্ধন ও ব্যবস্থাপনার দায়িত্ব নিজেদের হাতে নিতে ‘রিফিউজি রেজিস্ট্রেশন ডকুমেন্ট’ (ডিপিপি) কর্মসূচি চালু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ ব্যবস্থার মাধ্যমে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় দায়িত্ব হস্তান্তরের ফলে মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের নিবন্ধন ও পরিচয় যাচাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।