দীর্ঘ কয়েক দশকের নিপীড়ন, বাস্তুচ্যুতি ও অধিকারহীনতার পর রোহিঙ্গাদের জন্য এলো এক ঐতিহাসিক স্বীকৃতি। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন। একই সঙ্গে ক্ষতিপূরণ, নিরাপদ প্রত্যাবর্তন এবং অপরাধীদের বিচারের নির্দেশ দিয়েছেন আদালত। এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ লড়াইয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও বাস্তবে তারা কবে নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। ১৫ বিচারপতির বেঞ্চের মধ্যে ৯ জনের সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে সিদ্ধান্ত আসে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত। এ রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। অভিযানের প্রথম পর্যায়ে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। জাতিসংঘের অনুসন্ধান ও নির্যাতিতদের সাক্ষ্যে উঠে এসেছে হত্যা, ধর্ষণ, নির্যাতন, গ্রাম ধ্বংস এবং শিশুদের ওপর ভয়াবহ সহিংসতার চিত্র। বর্তমানে বাংলাদেশের কক্সবাজারে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাস করছেন। মিয়ানমারেও প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছেন।
রোহিঙ্গারা কী পেলেন এই রায়ে?
রোহিঙ্গাদের জন্য এই রায়ের সবচেয়ে বড় তাৎপর্য হলো, তাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক আইনি স্বীকৃতি। এতদিন ধরে যে নিপীড়ন, হত্যা ও বাস্তুচ্যুতির অভিযোগ তারা তুলে আসছিলেন, আদালতের রায়ে তার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে। এর ফলে গণহত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহির আওতায় আনার পথ আরও শক্তিশালী হলো।
আদালত মিয়ানমারকে সহিংসতা বন্ধ, অপরাধীদের শনাক্ত, তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে নিশ্চয়তা দেয়ার কথাও বলেছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশনা। আদালত বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। ধ্বংস হওয়া যৌথ সম্পত্তি ফেরত দিতে হবে অথবা বিকল্প ব্যবস্থা করতে হবে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, যথাযথ দাফন এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। ক্ষতিপূরণ বিষয়ে পরিকল্পনা জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।
মানবাধিকারকর্মী ম্যাথিউ স্মিথের মতে, এই রায় গণহত্যার পরিকল্পনাকারী ও অপরাধীদের ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করার প্রচেষ্টায় নতুন গতি আনবে। তিনি মনে করেন, ক্ষতিপূরণের মধ্যে শুধু আর্থিক সহায়তা নয়, বাজেয়াপ্ত জমি ও সম্পত্তি ফেরত, নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনর্বহাল, চিকিৎসা, শিক্ষা, জীবিকার সুযোগ এবং নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তাও থাকতে হবে।
নিরাপদে ফিরতে পারবেন কি রোহিঙ্গারা?
এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। কারণ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এতে আনুমানিক এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করেছে। মূলত বৌদ্ধ জনগোষ্ঠীর সমর্থনপুষ্ট এই বিদ্রোহী সংগঠনের বিরুদ্ধেও রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু করার অভিযোগ রয়েছে। ফলে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেয়া ৩ লাখের বেশি রোহিঙ্গার পরিচয় যাচাই করে প্রত্যাবাসনের জন্য নিবন্ধন করা হয়েছে। তবে রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে জানায় দেশটি।
ডাবলিনের ট্রিনিটি কলেজের আন্তর্জাতিক আইনবিষয়ক অধ্যাপক মাইকেল বেকার মনে করেন, গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও স্বল্পমেয়াদে তাদের বাস্তব পরিস্থিতির বড় পরিবর্তন নাও ঘটতে পারে। মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে আদালতের নির্দেশনা বাস্তবায়ন কঠিন।
রায় বাস্তবায়নে কতটা সক্ষম আন্তর্জাতিক সম্প্রদায়?
আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব কোনো রায় বাস্তবায়নকারী বাহিনী নেই। ফলে মিয়ানমার নির্দেশনা অমান্য করলে আদালত সরাসরি দেশটিকে বাধ্য করতে পারবেন না। তবে গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাতে পারে। আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সব মিলিয়ে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে বড় অগ্রগতি। কিন্তু আদালতের রায় আর বাস্তব পরিস্থিতি এক নয়। রোহিঙ্গাদের প্রকৃত বিজয় আসবে তখনই, যখন তারা নাগরিকত্ব, সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা নিয়ে নিজেদের বাড়িঘরে ফিরতে পারবেন। সেই দিনটি কবে আসবে, এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।
