নতুন চ্যালেঞ্জ, নতুন স্বপ্ন। আর শুরুতেই কঠিন পরীক্ষা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে শুরু করেছেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। ওল্ড ট্রাফোর্ডের হারানো গৌরব ফিরিয়ে আনার মিশনে নেমে প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছেন নিজের অবস্থানÑবিশ্রাম নয়, এখন শুধুই কাজের সময়।
যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ম্যাচ শেষ করেই মঙ্গলবার রাতে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেন পচেত্তিনো। উয়েফা নেশনস লীগে হাইতির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে তার শেষ দায়িত্ব। দীর্ঘ বিমানযাত্রা শেষে বুধবার সরাসরি হাজির হন ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনকেন্দ্র ক্যারিংটনে। সেখানে ক্লাবের কর্মকর্তা, কোচিং স্টাফ এবং দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে পরিচিত হন নতুন এই কোচ।
বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে নিজের উদ্যমের কথা জানাতে গিয়ে পচেত্তিনো বলেন, ‘আমার মধ্যে প্রচুর শক্তি রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হওয়া আমার জন্য বিশেষ সম্মানের। আমরা কোনো সময় নষ্ট করছি না। রোববারের (লিভারপুল) ম্যাচের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’ বিশ্রামের প্রসঙ্গেও তার কণ্ঠে ছিল দৃঢ়তা। পচেত্তিনো বলেন, ‘এখন বিশ্রাম কিংবা ঘুম নিয়ে ভাবার সময় নয়। অ্যানফিল্ডে নিজেদের সেরা অবস্থায় নিয়ে যেতে যা যা প্রয়োজন, এখন আমাদের মনোযোগ সেদিকেই।’
ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সমর্থকদের আশার আলো দেখান এই আর্জেন্টাইন। ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় ডিমার্কাস বিসলি যখন তাকে বলেছিলেন, ‘ম্যানচেস্টার নীল, সব সময় নীলই থাকবে’, তখন পচেত্তিনোর জবাব ছিল, ‘দেখবেন, আমাকে একটু সময় দিন।’
শুধু মাঠের ফল নয়, সমর্থকদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনকেও গুরুত্ব দিচ্ছেন রেড ডেভিলদের নতুন বস। তার মতে, ক্লাবের বর্তমান পরিস্থিতি ঐতিহ্য ও সমর্থকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পচেত্তিনো বলেন, ‘এটি বিশাল একটি চ্যালেঞ্জ। তবে এমন চ্যালেঞ্জই আপনাকে রোমাঞ্চিত করে। আমরা জানি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের জন্য বর্তমান পরিস্থিতি মোটেও প্রত্যাশিত নয়। অথচ তাদের সমর্থকগোষ্ঠী অসাধারণ।’
সমর্থকদের উদ্দেশে দেয়া বার্তায় তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আশা করি, একসঙ্গে কাজ করে এবং একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে আমরা আনন্দ ফিরিয়ে আনতে পারবো।’
রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে পচেত্তিনোর আসল পরীক্ষা। চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বলে জানা গেলেও, ইউনাইটেডকে ঘুরে দাঁড় করানোর জন্য তার হাতে সময় খুব বেশি নেই।
