২০৩০ বিশ্বকাপেও কি পানিবিরতি থাকছে!

২০৩০ বিশ্বকাপেও কি পানিবিরতি থাকছে!

ফন্ট সাইজ:

২০৩০ ফুটবল বিশ্বকাপেও বহুল আলোচিত হাইড্রেশন ব্রেক বা পানিবিরতি চালু রাখার সম্ভাবনা জোরালো হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে সম্প্রচার স্বত্ব বিক্রির দরপত্রে পানিবিরতির সময় বিজ্ঞাপন প্রচারের সুযোগ রাখার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ বিশ্বকাপের টেলিভিশন স্বত্বসংক্রান্ত নথিতে পানিবিরতির সময় বিজ্ঞাপন বিক্রির সম্ভাব্য সুযোগের কথা উল্লেখ রয়েছে। বিষয়টি ইঙ্গিত দিচ্ছে, আগামী আসরেও এই বিরতি বহাল থাকতে পারে।

২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচেই প্রথমবারের মতো প্রতিটি অর্ধে মাঝামাঝি সময়ে তিন মিনিটের পানিবিরতি চালু করে ফিফা। খেলোয়াড়দের শারীরিক সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে নেয়া হলেও সম্প্রচারকদের জন্য এটি হয়ে ওঠে বড় বিজ্ঞাপনী আয়ের উৎস। দ্য হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, প্রতিটি ম্যাচে পানিবিরতির বিজ্ঞাপন থেকে সম্প্রচারকদের আয় হয় ২০ লাখ থেকে ৯০ লাখ ডলারের মধ্যে। শুধু ফক্স স্পোর্টসের সম্ভাব্য বিজ্ঞাপন আয় ২৫ কোটি ডলার বলে ধারণা করা হয়।

মিডিয়া বিক্রয় বিশ্লেষক প্রতিষ্ঠান গাইডলাইনের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে ফক্সের মোট বিজ্ঞাপন আয় ছিল ৮৩ কোটি ৫০ লাখ ডলার। অথচ ফিফাকে সম্প্রচার স্বত্ব বাবদ তাদের দিতে হয় ৪৮ কোটি ৫০ লাখ ডলার।
২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মূলত মরক্কো, স্পেন ও পর্তুগালে। পাশাপাশি দক্ষিণ আমেরিকায় হবে তিনটি ম্যাচ। যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোর সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়াও চলছে। এ বাজারে স্বত্বের মূল্য ১৫০ থেকে ২০০ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফিফা জানিয়েছে, পানিবিরতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দরপত্রে সম্ভাব্য সব বিকল্প রাখা হয়েছে।
উল্লেখ্য, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে বাধ্যতামূলক পানিবিরতি থাকছে না।