নিজ স্বার্থে অটল ৩ পরাশক্তি

নিজ স্বার্থে অটল ৩ পরাশক্তি

ফন্ট সাইজ:

বুধবার চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নজিরবিহীন এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। ইউক্রেন, ইরান, বাণিজ্য এবং বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই শেনঝেনে বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের নেতারা একত্রিত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার বিশ্বনেতাদের সমাবেশে অনেক করমর্দন হলেও একটি মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া যখন পশ্চিমা বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন, ঠিক তখনই ক্যামেরার সামনে এগিয়ে এসে ট্রাম্পের সাথে করমর্দন করেন পুতিন। এর মাধ্যমে পুতিন দেখানোর সুযোগ পেলেন যে মার্কিন প্রেসিডেন্টের সাথে তার সরাসরি যোগাযোগ এখনো রয়েছে এবং বিশ্বমঞ্চে তিনি এখনো গুরুত্বপূর্ণ। অন্যদিকে, অন্যান্য বিশ্বনেতাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের ওপর ট্রাম্প যে গুরুত্ব দেন, তা এই মুহূর্তে ফুটে উঠেছে।

বৃহস্পতিবার তিন নেতার প্রথম ত্রিপক্ষীয় বৈঠক এবং পুতিনের সাথে ট্রাম্পের আলাদা বৈঠকের আগে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ একটি বন্ধুত্বপূর্ণ আবহ তৈরি করেছে। তবে বৈঠকে নেতাদের আলোচ্যসূচি পুরোপুরি এক নয়। ট্রাম্প পারমাণবিক অস্ত্র সীমিত করার বিষয়ে কথা বলতে চান, যা শি জিনপিং এড়িয়ে যেতে চান। কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে চীন বর্তমানে ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে। এছাড়া ইউক্রেন ও ইরান প্রসঙ্গও আলোচনায় আসবে বলে ট্রাম্প জানান। এদিকে, এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেন পুতিন। আর শি জিনপিং মার্কিন শুল্কের সমালোচনা করে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান জানান।

অন্যান্য বিশ্বনেতাদের চেয়ে নিজের আগমনকে আলাদাভাবে তুলে ধরার বিশেষ ঝোঁক রয়েছে ট্রাম্পের। এপেক সম্মেলনের নৈশভোজে প্রবেশের সময় বেশিরভাগ নেতা ধ্রুপদী সংগীত দল ও সাংবাদিকদের পাশ দিয়ে সাধারণভাবেই হেঁটে যান। কিন্তু ‘আমেরিকা দ্য বিউটিফুল’ সুর বাজতে থাকায় ট্রাম্প প্রায় ১০ সেকেন্ড থেমে যান এবং সরাসরি ক্যামেরার দিকে ঘুরে দাঁড়িয়ে ছবি তোলার পোজ দেন।

ফাস্ট ফুডের প্রতি ট্রাম্পের ভালোবাসা সবারই জানা। বুধবার ম্যানিলায় এশীয় নেতাদের এক সমাবেশে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানান, তিনি ট্রাম্প ও তার প্রতিনিধিদলের জন্য রাতের খাবার হিসেবে ফিলিপাইনের জনপ্রিয় চেইন জোলিবির ফ্রাইড চিকেন অর্ডার করেছেন। মার্কোস গর্ব করে জানান, জনপ্রিয়তার দিক থেকে জোলিবি যুক্তরাষ্ট্রে কেএফসিকেও ছাড়িয়ে গেছে। জবাবে ট্রাম্প একে চমৎকার বলে অভিহিত করেন। তবে ট্রাম্প তা খেয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ম্যানিলা সফরে ট্রাম্পের সাথে তার দীর্ঘদিনের পরিচিত ও ফিলিপাইনের ৯৭ বছর বয়সী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসেরও দেখা হয়। হুইলচেয়ারে বসা ইমেলদা ট্রাম্পের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন। মঙ্গলবার রাতে এক বক্তৃতায় মার্কোস জুনিয়রের বাবা-মায়ের সাথে তার দীর্ঘদিনের পরিচয়ের কথা স্মরণ করে ট্রাম্প তাদের প্রশংসা করেন।

শুল্কনীতি নিয়ে দেশে সমালোচনা এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প তার এশিয়া সফরকে অর্থনৈতিক সাফল্য তুলে ধরার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। সফরে তিনি থাইল্যান্ড ও ফিলিপাইনের সাথে বড় ধরনের বাণিজ্যিক অগ্রগতির ঘোষণা দেন। থাইল্যান্ডের সাথে চুক্তিকে তিনি অবিশ্বাস্য বিজয় বলে উল্লেখ করেন এবং জানান, এর ফলে মার্কিন রপ্তানি পণ্যের ওপর থেকে সব শুল্ক প্রত্যাহার করবে দেশটি। যদিও হোয়াইট হাউস জানায়, চুক্তিটির চূড়ান্ত কাজ এখনো বাকি। অন্যদিকে ফিলিপাইনের সাথে চুক্তিটি মার্কিন কৃষক ও জ্বালানি খাতের জন্য যুগান্তকারী হবে বলে ট্রাম্প দাবি করলেও কোনো নির্দিষ্ট শর্ত বা সময়সীমা জানাননি। ম্যানিলা জানায়, দুই দেশের মধ্যে কেবল অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা হয়েছে।

বৃহস্পতিবারের ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন ঘিরে ব্যাপক আগ্রহ থাকলেও বড় কোনো সাফল্যের আশা খুবই কম। তিন নেতাই ভিন্ন ভিন্ন অগ্রাধিকার নিয়ে বৈঠকে বসছেন। চীনের নেতা বিশ্ব শান্তির ওপর জোর দিতে চান, পুতিন সুবিধাজনক শর্তে ইউক্রেন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এবং ট্রাম্প চান পারমাণবিক অস্ত্র সীমিত করতে। তবে ক্যামেরার সামনে ট্রাম্প কখন কী করে বসেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, ইউক্রেন নিয়ে পুতিনের সাথে কোনো চুক্তি করে ফেলতে পারেন ট্রাম্প। আর তাইওয়ান উদ্বিগ্ন, এই বৈঠকের কোনো পদক্ষেপ স্বশাসিত দ্বীপটির ওপর চাপ বাড়াতে চীনকে উৎসাহিত করতে পারে।