ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন

ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন

ফন্ট সাইজ:

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না নিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গতকাল এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহেমদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে হাইকোর্ট রুলও জারি করেন। বিবাদিদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। প্রায় অর্ধেক পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। অবশ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষা শেষ না হতেই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়া হলে অংশ নিতে পারবেন না অনেক শিক্ষার্থী।