চলমান শ্রমিক আন্দোলন পোশাক খাতের ক্রয়াদেশে কী প্রভাব ফেলবে?

চলমান শ্রমিক আন্দোলন পোশাক খাতের ক্রয়াদেশে কী প্রভাব ফেলবে?

ফন্ট সাইজ:

বাংলাদেশে দীর্ঘ সময় ধরে শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকরা মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা (প্রায় ১০০ ডলার) থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা (প্রায় ২৫৬ ডলার) করার দাবি জানাচ্ছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার নাগাদ সাভার, আশুলিয়া ও গাজীপুরে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারার অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া তৈরি পোশাক কারখানার সংখ্যা প্রায় ৬৫টিতে দাঁড়িয়েছে। এছাড়া কার্যক্রম চালাতে না পেরে আরও ৫৬টি কারখানা ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে। চলমান তৈরি পোশাক খাতের এই অস্থিরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফাইবার টু ফ্যাশন।

প্রতিবেদনে বলা হয়, এই সংকটের গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ৪০ লাখেরও বেশি শ্রমিক কর্মরত। দেশের পণ্য রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই এই খাত থেকে আসে। সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে শিল্পটি আগে থেকেই বড় ধরনের চাপে ছিল। এর পরপরই শুরু হওয়া চলমান এই শ্রমিক আন্দোলনের প্রভাব কেবল তাৎক্ষণিক উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে জানান, এ ধরনের অস্থিরতা স্বল্প ও দীর্ঘমেয়াদে ক্রেতাদের সোর্সিং সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, তৈরি পোশাক শিল্পে সোর্সিং বলতে আন্তর্জাতিক ব্র্যান্ড বা বিদেশি ক্রেতারা কম খরচে, ভালো মানের এবং সময়মতো পণ্য তৈরি করে নেয়ার জন্য কোন দেশ বা কারখানা বেছে নেবে, সেই প্রক্রিয়াকে বোঝায়।

বর্তমান পরিস্থিতির কারণে ক্রয়াদেশে কোনো প্রভাব পড়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে প্রতিযোগী দেশগুলো এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বারবার উৎপাদন ব্যাহত হওয়া, জাহাজীকরণে বিলম্ব এবং সময়মতো পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক ক্রেতারা একটি মাত্র দেশের ওপর নির্ভরতা কমাতে চাইতে পারেন। এতে বিকল্প দেশ থেকে পোশাক কেনার প্রবণতা বাড়তে পারে।

কিছু শিল্প পর্যবেক্ষকের বিশ্বাস, এই পরিস্থিতিতে ভারত লাভবান হতে পারে। বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি এবং প্রধান রপ্তানি বাজারগুলোর সাথে ক্রমবর্ধমান সম্পৃক্ততা দেশটির আকর্ষণ আরও বাড়িয়েছে। এছাড়া ভারতের নিজস্ব কাঁচামালের শক্তিশালী ভিত্তি এবং ব্যাপক উৎপাদন সক্ষমতা বিশ্বব্যাপী টেক্সটাইল ও পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে এর অবস্থানকে আরও মজবুত করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ হিসেবে ভারতের একটি প্রতিষ্ঠিত ম্যানমেড ফাইবার শিল্পও রয়েছে। ফাইবার ও সুতা থেকে শুরু করে কাপড় ও তৈরি পোশাক—সব পর্যায়েই তাদের শক্তিশালী উৎপাদন সক্ষমতা আছে।

তবে ভারতই একমাত্র বিকল্প নয়। শক্তিশালী রপ্তানিমুখী উৎপাদন ভিত্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার ওপর ভর করে ভিয়েতনাম নিজেকে বৈশ্বিক টেক্সটাইল ও পোশাক উৎপাদনের একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (সিপিটিপিপি) ও ইইউ-ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তির মতো সুবিধাগুলো দেশটিকে এগিয়ে রেখেছে। উৎপাদনে দক্ষতা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে সুসম্পর্ক ভিয়েতনামকে একটি শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে।

পাকিস্তানও আরেকটি প্রাসঙ্গিক সোর্সিং গন্তব্য হতে পারে। তুলা থেকে সুতা তৈরি, কাপড় উৎপাদন, হোম টেক্সটাইল ও পোশাক তৈরিতে দেশটির প্রতিষ্ঠিত সক্ষমতা রয়েছে। তুলা-নির্ভর সরবরাহ ব্যবস্থায় তারা কিছু বাড়তি সুবিধা পেলেও জ্বালানি খরচ, অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টি এখনো তাদের জন্য বড় বিবেচ্য বিষয়।

বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের টেক্সটাইল খাতের জন্য একটি সম্ভাব্য নেতিবাচক দিকও তৈরি করেছে। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মূল্যের দিক থেকে ভারতের মোট তুলা সুতা রপ্তানির প্রায় ৪৯ শতাংশই বাংলাদেশে এসেছে। ফলে ভারতীয় স্পিনিং মিলগুলোর জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। তাই বাংলাদেশের কারখানাগুলোতে দীর্ঘ সময় অচলাবস্থা চললে সুতার চাহিদা কমে যেতে পারে কিংবা ক্রয়াদেশ পিছিয়ে যেতে পারে, যা ভারতীয় সুতা সরবরাহকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখনো বেশ কম। তবুও শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করে জানান, ন্যূনতম মজুরি বড় আকারে বাড়ানো হলে তা উৎপাদনকারীদের ওপর ব্যয়ের চাপ বাড়াবে। স্বল্প মুনাফায় চলা এই শ্রমঘন শিল্পটি ক্রেতাদের দামের প্রত্যাশার ওপর অনেকটাই নির্ভরশীল, ফলে বাড়তি ব্যয় সামাল দেয়া কঠিন হয়ে পড়তে পারে।

প্রথমে জ্বালানি সংকট এবং এখন শ্রমিক আন্দোলনের মতো চ্যালেঞ্জ সত্ত্বেও, বাংলাদেশের প্রতিষ্ঠিত উৎপাদন সক্ষমতা এবং সোর্সিং ব্যবস্থা এখনো আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশটিকে গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে ধরে রেখেছে। শিল্প সংশ্লিষ্টদের মতে, এই সংকটের প্রভাব মূল্যায়ন করার সময় এখনো আসেনি। পরিস্থিতি কোন দিকে যায় এবং উৎপাদন ও পণ্য সরবরাহে দীর্ঘস্থায়ী ব্যাঘাত ঘটে কিনা—তার ওপরই সবকিছু নির্ভর করছে।