যশোরে কাভার্ডভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ, চালক অগ্নিদগ্ধ ও হেলপার আহত

যশোরে কাভার্ডভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ, চালক অগ্নিদগ্ধ ও হেলপার আহত

ফন্ট সাইজ:

যশোরে একটি কাভার্ডভ্যানে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক অগ্নিদগ্ধ এবং হেলপার কাচের আঘাতে আহত হয়েছেন।

আহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে কাভার্ডভ্যান চালক রাজিব (৪৫) ও হেলপার হৃদয় (৪০)।

জানা যায়, ঢাকা থেকে যশোরগামী কাভার্ডভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের কলাবাগান থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে দু’টি পেট্রল বোমা নিক্ষেপ করেন। একটি বোমা গাড়ির বডিতে লাগে এবং অপরটি পাশের খোলা গ্লাস দিয়ে ভেতরে প্রবেশ করে চালকের পাশে বিস্ফোরিত হয়। গাড়িতে আগুন ধরে যায়। এতে চালক রাজিবের পিঠ, মুখ ও হাত অগ্নিদগ্ধ হয়। আর হেলপার হৃদয় গাড়ির কাচের আঘাতে আহত হন।

খবর পেয়ে চানপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।