২০৩৫ সালেই বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা

২০৩৫ সালেই বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা

ফন্ট সাইজ:

২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে মুসলিমরা। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক নতুন গবেষণায় এ পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়, ওই সময় বিশ্বের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে ২৫৭ কোটিতে, যেখানে খ্রিস্টানদের সংখ্যা হবে ২৫২ কোটি। এ খবর দিয়েছে জিও নিউজ।
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। মুসলিম এবং খ্রিস্টান-উভয় ধর্মের জনসংখ্যাই বাড়বে, তবে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য হারে দ্রুত বাড়বে। ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক এই গবেষণায় বলা হয়, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ বাড়বে। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা বাড়বে ৩০ শতাংশ।

প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির পেছনে মূলত উচ্চ প্রজনন হার এবং তুলনামূলক তরুণ জনগোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান সংখ্যা ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীদের ক্ষেত্রে ছিল ১ দশমিক ৬।
পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি এবং খ্রিস্টান ছিল ২২৭ কোটি। ২০৭০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৩৬ শতাংশ। অন্যদিকে খ্রিস্টানদের সংখ্যা দাঁড়াবে প্রায় ২৯৬ কোটিতে, যা মোট জনসংখ্যার প্রায় ২৯ শতাংশ।
গবেষণায় বিশ্বের মুসলিম জনসংখ্যার ভৌগোলিক বিন্যাসেও বড় পরিবর্তনের আভাস দেয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশে পরিণত হবে পাকিস্তান। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে প্রায় দ্বিগুণ হয়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাবে।

খ্রিস্টানদের ভৌগোলিক বিন্যাসেও একই ধরনের পরিবর্তন আশা করা হচ্ছে। ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান জনসংখ্যার দেশে পরিণত হবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আফ্রিকার এই দেশটিতে খ্রিস্টান জনসংখ্যা ২০২০ সালের ৯ কোটি ২০ লাখ থেকে তিনগুণ বেড়ে ২০৭০ সালে ২৯ কোটি ৯০ লাখে পৌঁছাবে। একই সময়ে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের সংখ্যা ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ১৭ কোটি ৪০ লাখে নেমে আসবে।
প্রতিবেদনে আরও পূর্বাভাস দেয়া হয়, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ৫৪ শতাংশ খ্রিস্টান সাব-সাহারান আফ্রিকায় বসবাস করবে।

ওই অঞ্চলের তুলনামূলক তরুণ জনগোষ্ঠী এবং উচ্চ প্রজনন হারের কারণেই এমনটা ঘটবে। পিউ রিসার্চ সেন্টার জানায়, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ২০১টি দেশ ও অঞ্চলের সাতটি ধর্মীয় গোষ্ঠীর আকার ও ভৌগোলিক বিন্যাসের পরিবর্তন পর্যালোচনা করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে। এতে বয়স কাঠামো, প্রজনন ও মৃত্যুহার, অভিবাসন প্রবণতা এবং ধর্ম পরিবর্তনের বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে জানায়, সাম্প্রতিক জনমিতিক প্রবণতা অব্যাহত থাকার ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দেয়া হয়েছে। এতে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির পরিবর্তনের মতো সম্ভাব্য ঘটনাগুলো হিসাবের মধ্যে রাখা হয়নি।