পাকিস্তানে নতুন প্রদেশ গঠন নিয়ে চলমান বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রীদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। বুধবার রাতে তিনি জানান, সত্য বলার কারণেই কেন্দ্রীয় মন্ত্রীরা তার সাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মন্তব্যের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় যে তারা সমালোচনা সহ্য করতে রাজি নন। এ খবর দিয়েছে জিও নিউজ।
সিন্ধু প্রদেশ বিভক্ত করার প্রস্তাবের বিরোধিতা করায় এর আগে কেন্দ্রীয় মন্ত্রীরা বিলাওয়ালের তীব্র সমালোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামাল সুশাসনের জন্য ছোট প্রদেশ গঠনের পক্ষে যুক্তি দেন। এর জবাবে বিলাওয়াল জানান, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাজনৈতিক অংশীদারদের সাথে পরামর্শ না করেই এই বিতর্ক শুরু করা হয়েছে। জোর করে সিন্ধু বিভক্ত করার চেষ্টা হলে অস্থিরতা তৈরি হবে এবং তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।
পিপিপি চেয়ারম্যান জানান, কেবল নতুন প্রদেশ নয়, দেশের মৌলিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে নজর দেয়া উচিত। রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারের জন্য তিনি বিরোধী দলগুলোকে সংরক্ষিত আসন ফিরিয়ে দেয়ার পরামর্শ দেন। তবে জোটসঙ্গীদের প্রতি সরকারের আচরণ নিয়ে আপত্তি থাকলেও তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান। এছাড়া পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিক বন্দি হিসেবে উল্লেখ করে তিনি এমন একটি দিনের প্রত্যাশা করেন, যখন কোনো প্রধানমন্ত্রীকে আর কারাগারে যেতে হবে না।
