রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ

আইসিজের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব

রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ

ফন্ট সাইজ:

ঐতিহাসিক এক মামলায় আজ রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর যে গণহত্যা চালানো হয়েছে সেই মামলায় আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবে আইসিজে। সাত বছর ধরে চলা এই মামলার রায়ের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি হতে পারে। কারণ, ১৯৪৮ সালে নাৎসি হলোকাস্টের পর গণহত্যা সনদ স্বাক্ষরিত হওয়ার পর থেকে বিভিন্ন সংঘাতে গণহত্যার দায়ে বহু ব্যক্তির বিচার ও সাজা হলেও কোনো আন্তর্জাতিক আদালত এ পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা এই মামলার প্রধান আইনজীবী আরসালান সুলেমান বলেন, গাম্বিয়া যদি এই মামলায় জয়ী হয়, তাহলে এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। এর মধ্য দিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনি জবাবদিহির ধারণা নতুন করে শক্তিশালী হবে। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের ব্যাপকভাবে বিতাড়িত করার ঘটনা ছিল নিঃসন্দেহে নজিরবিহীন নিষ্ঠুরতার এক সামরিক অভিযান। 

এ বিষয়ে বিবিসির সাংবাদিক জনাথন হেড লিখেছেন, রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে পুড়িয়ে দেয়ার ঘটনা প্রত্যক্ষ করা অল্পসংখ্যক সাংবাদিকের একজন আমি। একই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ মানুষের ভয়াবহ মানবিক দুর্দশাও দেখেছি। বার্মিজ সেনাদের হাতে হত্যা, নির্যাতন ও ব্যাপক ধর্ষণের যেসব বিবরণ রোহিঙ্গারা দিয়েছেন, সেগুলো মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন বিস্তারিতভাবে নথিবদ্ধ করেছে। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর প্রতি রাখাইন জাতিগোষ্ঠীর মানুষের বিদ্বেষ নিয়েও আমি বহুবার সাক্ষাৎকার নিয়েছি। মিয়ানমার রাষ্ট্র কীভাবে রোহিঙ্গাদের অবশিষ্ট গ্রামগুলো পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করেছে, সেটিও নথিবদ্ধ করেছি। 

কিন্তু জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের সামনে মূল প্রশ্ন হলো, এসব ঘটনা গণহত্যার শামিল ছিল কি না। ১৯৪৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আইসিজে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধের বিচার করার জন্য এটি গঠিত হয়নি। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলার বিচার চাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীদের সামনে অন্য কোনো কার্যকর পথ না থাকায় এই আদালতকে বেছে নেয়া হয়। মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই তারা সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা অভিযান চালিয়েছিল। 

২০১৮ সালে কয়েক শ’ মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর কৌশল ছিল ‘প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ’। প্রতিবেদনে রাখাইন রাজ্যে গণহত্যা এবং দেশটির অন্যান্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে। মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় রাখাইনে নৃশংসতার জন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে সরাসরি মামলা করা সম্ভব ছিল না। 

এ অবস্থায় ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। দেশটির যুক্তি ছিল, গণহত্যা সনদের বাধ্যবাধকতা সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। তাই এই সনদ লঙ্ঘিত হলে তা প্রতিরোধ ও সনদের বাস্তবায়ন নিশ্চিত করার স্বার্থ সব রাষ্ট্রেরই রয়েছে। গাম্বিয়া শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, পুরো রাষ্ট্রকেই গণহত্যার জন্য দায়ী করে অভিযোগ আনে। 

আন্তর্জাতিক আইনে এটি ছিল একটি নতুন দৃষ্টান্ত। কারণ, কোনো ঘটনার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও একটি রাষ্ট্র যুক্তি দেয় যে, এত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের ঘটনায় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার মামলা করার আইনি অধিকার রয়েছে। মিয়ানমার এই যুক্তির বিরোধিতা করে। তবে আইসিজের বিচারকরা রায় দেন, গাম্বিয়ার এই মামলা করার আইনি অধিকার রয়েছে। নোবেলজয়ী অং সান সুচি নিজে মামলার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের আইনি প্রতিরক্ষার নেতৃত্ব দিতে নেদারল্যান্ডসের হেগে হাজির হলে মামলাটি আরও বেশি আলোচনায় আসে। সে সময় দেশটির নির্বাচিত সরকারের প্রধান ছিলেন তিনি। তবে তার এই ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। 

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ডের ওপর সুচির প্রভাব ছিল অত্যন্ত সীমিত। কিন্তু সেনাবাহিনীর নৃশংসতার নিন্দা জানাতে তার অস্বীকৃতি অনেককে হতাশ করে। একসময় যারা তার সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রশংসা করতেন, তাদের অনেকেই তার অবস্থানে ক্ষুব্ধ হন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সুচিকে আটক করা হয়। এরপর থেকে সামরিক বাহিনীর নিয়োগ দেয়া নতুন একটি আইনি দল মামলায় মিয়ানমারের পক্ষে লড়ছে।