সাক্ষাৎকারে ডাকা বাংলাদেশের ৭৯ ভাগ শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান বৃটেনের, আশ্রয় আবেদনে তৃতীয়

সাক্ষাৎকারে ডাকা বাংলাদেশের ৭৯ ভাগ শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান বৃটেনের, আশ্রয় আবেদনে তৃতীয়

ফন্ট সাইজ:

বৃটেনে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে যাদের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য সাক্ষাৎকারে ডাকা হচ্ছে, তাদের প্রায় ৮০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান করছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশের ক্ষেত্রে এই হার ৭৯ ভাগ। আর আশ্রয় আবেদনে বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে। সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন করেছেন পাকিস্তানি শিক্ষার্থীরা। গত ছয় মাসের নতুন এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দ্য পিআইই নিউজের হাতে আসা বৃটেনের ভিসা ও অভিবাসন বিভাগ (ইউকেভিআই)-এর একটি গবেষণা ও খাতভিত্তিক ব্রিফিং প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত মোট ১১ হাজার ৪১৫ জন সম্ভাব্য শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়া হয়। এর মধ্যে ৯ হাজার ৪৩ জনকে অবিশ্বাসযোগ্য বলে বিবেচনা করেছেন ইউকেভিআইয়ের কর্মকর্তারা। অর্থাৎ সাক্ষাৎকারে অংশ নেয়া শিক্ষার্থীদের ৭৯ শতাংশের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য পিউ নিউজ। 

সাক্ষাৎকারের পর ভিসা প্রত্যাখ্যানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নেপালের শিক্ষার্থীরা। দেশটির ৯২ শতাংশ শিক্ষার্থীকে অবিশ্বাসযোগ্য বলে মনে করেছেন ইউকেভিআইয়ের কর্মকর্তারা। এরপর রয়েছে ভারত। দেশটির সাক্ষাৎকারে অংশ নেয়া ৮৯ শতাংশ শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। নাইজেরিয়ার ক্ষেত্রে এই হার ৮৪ শতাংশ এবং বাংলাদেশের ক্ষেত্রে ৭৯ শতাংশ। এ ছাড়া শ্রীলঙ্কার ৭৯ শতাংশ এবং পাকিস্তানের ৭৩ শতাংশ শিক্ষার্থীর ভিসা সাক্ষাৎকারের পর প্রত্যাখ্যান করা হয়েছে। তবে ইউকেভিআই জানিয়েছে, এই পরিসংখ্যান মাত্র ছয় মাসের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। তাই এটিকে পুরো বছরের পরিস্থিতির প্রতিনিধিত্বকারী চিত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। 

প্রতিবেদনে আরও দেখা গেছে, নির্দিষ্ট কয়েকটি দেশের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে ডাকার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। উদাহরণ হিসেবে নাইজেরিয়ার কথা বলা হয়েছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে দেশটির যেসব শিক্ষার্থীকে সাক্ষাৎকারে ডাকা হয়েছে, তাদের অনুপাত ৭ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে। ইউকেভিআই বলেছে, ভিসা আবেদনের ক্ষেত্রে ‘পরিবর্তিত প্রবণতা এবং এই প্রক্রিয়ায় ঝুঁকি সম্পর্কে আমাদের উপলব্ধির’ প্রতিফলন এটি। বিভাগটি আরও জানিয়েছে, নাইজেরিয়া থেকে এমন আবেদনের সংখ্যা বেড়েছে, যেগুলোর ক্ষেত্রে বাড়তি যাচাই-বাছাই প্রয়োজন। ফলে আবেদনকারীদের একটি বড় অংশকে বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সাক্ষাৎকারে ডাকা হচ্ছে। 

ইউকেভিআইয়ের ব্রিফিং প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বাসযোগ্যতার প্রশ্নে ভিসা প্রত্যাখ্যানের সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীর পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে পর্যাপ্ত গবেষণা না থাকা। কেন তিনি বৃটেনে পড়তে চান এবং পছন্দের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্রম তার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারাও অন্যতম কারণ। এ ছাড়া পছন্দের বিষয় বা শিক্ষাক্রম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা, ইংরেজি ভাষায় দক্ষতার ঘাটতি এবং পড়াশোনার খরচ বহনের জন্য দেখানো অর্থের উৎস ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ। 

দ্য পিআইই এর আগে বিশ্বাসযোগ্যতার প্রশ্নে ভিসা প্রত্যাখ্যানের কিছু অদ্ভুত কারণ তুলে ধরেছিল। এর মধ্যে রয়েছে, শিক্ষার্থী তার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কতটি গাছ রয়েছে, তা বলতে না পারা। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিকটতম বাসস্টপ কোথায়, সেটি জানাতে না পারার কারণেও কোনো কোনো শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছে। এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইউইউকেআইয়ের (ইউনিভার্সিটিজ ইউকে ইন্টারন্যাশনাল) আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ সম্মেলনে বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি অ্যান্ড ইউক্রেন সার্ভিসেস বিভাগের প্রধান অলিভার রে বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে সরকার কঠোর যাচাই-বাছাই করছে না। তিনি বলেন, আমরা চাই বৃটেনে শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট কোনো সীমার মধ্যে আটকে থাকুক, এমন কোনো বিধিনিষেধ নেই। তবে যারা সত্যিকার অর্থে শিক্ষার্থী, তাদের ওপরই আমাদের বিশেষ গুরুত্ব রয়েছে। রে স্বীকার করেন, আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তবে তিনি উল্লেখ করেন, বছরওয়ারি হিসাবে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়ার সংখ্যা কমেছে। বাজার সম্পর্কে কর্তৃপক্ষের উন্নত ধারণা তৈরি হওয়ায় এমনটি হয়েছে বলে মনে করেন তিনি। 

তার ভাষায়, এটি সম্ভব হয়েছে কর্মকর্তাদের ঝুঁকি আরও বিস্তারিতভাবে যাচাই করার উপযোগী করে গড়ে তোলার কারণে। এখন তারা সামগ্রিকভাবে সবাইকে একই দৃষ্টিতে না দেখে নির্দিষ্ট বিষয় ও ঝুঁকির দিকগুলো আলাদাভাবে বিবেচনা করছেন। 

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আশ্রয় প্রার্থনার আবেদনও ভিসা প্রত্যাখ্যানের ক্ষেত্রে বৃটিশ সরকারের নীতিতে বড় ধরনের বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ইউকেভিআইয়ের ব্রিফিং প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পাকিস্তানের নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদন করার প্রবণতা সবচেয়ে বেশি। এরপর রয়েছে ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়া। বৃটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের আশ্রয় আবেদনের হার নিয়ে দ্য পিআইই একটি বিশ্লেষণ প্রকাশ করেছে।

আশ্রয় আবেদনের উদ্বেগের কারণে এর আগে আফগানিস্তান, ক্যামেরুন, সুদান ও মিয়ানমারের নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিল বৃটিশ সরকার। ওই চার দেশের নাগরিকদের ভিসা আবেদন নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নেয়া হয়।