বিএনপি’র দুই পক্ষের মারামারির ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি’র দুই পক্ষের মারামারির ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি’র দু’পক্ষের মারামারির ঘটনায় ভিডিও করায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে আদালতের সামনে এই মারামারি হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ধারণকারীকে হত্যা করা হয়। নিহত আবু ইউসুফ স্থানীয় একটি ডায়িং কারখানার গাড়িচালক। বুধবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী এ তরুণ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মফিজ মোল্লার ছেলে।
নিহতের স্ত্রী নাহিদা ইয়াসমিন বলেন, সন্ধ্যায় কাজ থেকে ফেরার পর মোবাইলে কল পেয়ে বেরিয়ে যান তার স্বামী। ঘণ্টাখানেক পর এলাকায় মারামারির ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আহত ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে এগারোটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ।

পুলিশ, স্থানীয় লোকজন ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে একটি অপহরণ মামলার শুনানি শেষে বাদী ও বিবাদীপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেনের ছেলে মামলার বাদী জুয়েল হাওলাদার ও অভিযুক্ত ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন। মারামারির ঘটনায় জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও তার লোকজন দেলোয়ারের পক্ষ নেন বলেও অভিযোগ রয়েছে। এরই জেরে জুয়েল আরমান তার লোকজন তক্কারমাঠ এলাকায় দেলোয়ারের বাড়ির সামনে মহড়া দেন। পরে তারা বাড়ি ভাঙচুরও করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, হামলার ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করতে দেখে স্থানীয় বাসিন্দা ইউসুফকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে হামলাকারীরা। পরে সে হাসপাতালে মারা যায়। ঘটনার পর দেলোয়ারের ছেলে জুয়েল হাওলাদার ও তাদের লোকজন এলাকায় মহড়া দেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। যদিও দেলোয়ার তা অস্বীকার করেছেন। এ বিষয়ে কৃষক দলের নেতা জুয়েল আরমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, কুতুবপুরের বিএনপি নেতা দেলোয়ার হোসেনের দাবি, গত জুনে তাকে তুলে নিয়ে যান জুয়েল আরমানের লোকজন। ওই ঘটনায় তার ছেলে জুয়েল হাওলাদার আদালতে অপহরণ মামলা করেন। মামলার শুনানি শেষে মঙ্গলবার তার ছেলেকে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমার ছেলের সঙ্গে তাঁতী দলের উজ্জ্বলের পরিচয় আছে। ওকে মারধর করছে শুনে উজ্জ্বল সেখানে গেলে তাদের সঙ্গে আরমানের লোকজনের মারামারি হয়। তখন জুয়েল আহত হয়। এর জেরে জুয়েল আমাদের বাড়িতে হামলা চালায়। তখন আমি আর আমার ছেলে বাড়িতে ছিলাম না।

থাকলে ওরা আমাদের মেরে ফেলতো হয়তো।’ যদিও জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের দাবি, তিনি বা তার পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। গতকালও আদালতের সামনে দিয়ে যাবার পথে দুইপক্ষের মারামারি করতে দেখে আমি সেখানে জুয়েল আরমানকে দেখে বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করি।
এদিকে, গতরাতের হামলায় নিহত ইউসুফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়িতে স্ত্রী নাহিদা ইয়াসমিনকে কান্নারত অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, ‘আট মাস আগে তাদের বিয়ে হয়েছে। এখন তিনি অন্তঃসত্ত্বা। অন্যদিন ৯টা-১০টার দিকে বাড়িতে ফেরেন। কিন্তু কাল উনি শরীর ভালো না দেখে সন্ধ্যায়ই চলে আসেন। সাড়ে সাতটার দিকে তার কারখানার একজন মোবাইলে কল দেয়ায় বেরিয়ে যান। পরে শুনি, এলাকায় মারামারি হইছে সেখানে আমার স্বামীকে কুপিয়েছে। তারে হাসপাতালে নিছে।’

ইউসুফ রাজনীতির কোনো পক্ষের সঙ্গে জড়িত না জানিয়ে নাহিদা বলেন, শুনছি, সে নাকি ভিডিও করেছিল। তাই তাকে কোপাইছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলে জড়িত আছেন কিনা, সেটি বিবেচ্য নয়। অপরাধ যারা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। তবে, বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।