তিন পরাশক্তির বৈঠক, তাকিয়ে বিশ্ব

তিন পরাশক্তির বৈঠক, তাকিয়ে বিশ্ব

ফন্ট সাইজ:

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী শক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। চীনের শেনজেনে বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
এতে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিন নেতার এই নজিরবিহীন বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়ে তাদের আলোচনায় কী উঠে আসে, সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।

এদিকে ত্রিপক্ষীয় বৈঠকের একদিন আগে বুধবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আনুষ্ঠানিক ছবি তোলার প্রস্তুতির সময় তিন নেতাকে একই ফ্রেমে দেখা গেছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এদিন প্রথমে শি জিনপিং ও ট্রাম্প নিজেদের মধ্যে কথা বলছিলেন। এমন সময় সেখানে এগিয়ে আসেন পুতিন। তিনি ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাদের কথোপকথনে যোগ দেন। কিছু সময়ের জন্য একই জায়গায় দাঁড়িয়ে কথা বলেন বিশ্বের তিন প্রভাবশালী নেতা। এই সংক্ষিপ্ত মুহূর্তটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও কূটনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে বুধবার শি জিনপিং ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুই নেতা চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বিশ্বব্যবস্থায় বহু মেরূকরণের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
বৈঠকে শি বলেন, বড় শক্তি হিসেবে চীন ও রাশিয়াকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব দৃঢ়ভাবে পালন করতে হবে। বিশ্বকে বহু মেরূকরণের পথে এগিয়ে নেয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নে দুই দেশকে নেতৃত্ব দিতে হবে। তিনি দুই দেশের মধ্যে সর্বাত্মক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
চীন-রাশিয়া সম্পর্ককে ‘সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার’ আদর্শ মডেল হিসেবে বর্ণনা করেন শি। তার মতে, অস্থির বিশ্বে এই সম্পর্ক আরও বেশি স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনে দিয়েছে। পুতিনও একই ধরনের বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেও রাশিয়া ও চীন একটি ‘আরও ন্যায়সংগত বহু মেরু বিশ্বব্যবস্থা’ গড়ে তুলতে কাজ করছে। দুই দেশের পররাষ্ট্রনীতি বিষয়ক অংশীদারিত্ব স্থিতিশীল রয়েছে এবং ইতিবাচক ধারায় এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

কেন গুরুত্বপূর্ণ তিন নেতার বৈঠক
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া-তিনটি দেশই আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ শক্তি। সামরিক সক্ষমতা, অর্থনীতি, জ্বালানি, প্রযুক্তি এবং কূটনৈতিক প্রভাবের দিক থেকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিন দেশের মধ্যে মতপার্থক্যও রয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। অন্যদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। তাই একই টেবিলে তিন নেতার উপস্থিতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে অস্থিরতা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব বিষয়ে তিন দেশের অবস্থান ও স্বার্থের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি কূটনৈতিক সমঝোতার সুযোগও রয়েছে।

শেনজেনের এই বৈঠক কতোটা ফলপ্রসূ হবে, তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বৈঠকের আলোচ্যসূচি কিংবা সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। তবে তিন নেতার সরাসরি আলোচনার সুযোগ তৈরি হওয়াকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বিশেষ করে শি ও পুতিনের বৈঠকে বহু মেরু বিশ্বব্যবস্থার পক্ষে দেয়া বক্তব্যের পর ট্রাম্পের সঙ্গে তাদের আলোচনায় কী ধরনের অবস্থান উঠে আসে, তা নিয়ে আগ্রহ বাড়ছে। তিন দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়, নাকি বিদ্যমান মতপার্থক্যই আলোচনায় প্রাধান্য পায়-সেটিই এখন দেখার বিষয়।

শেনজেনের এই বৈঠক সফল হলে তা ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতির নতুন কোনো পথ খুলে দিতে পারে। আর কোনো বড় সমঝোতা না হলেও বিশ্বের তিন প্রভাবশালী নেতার সরাসরি কথোপকথন বৈশ্বিক রাজনীতির পরবর্তী গতিপথ বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।