১০ জেলায় চোরাগোপ্তা হামলা অগ্নিসংযোগ

পিরোজপুরে অগ্নিদগ্ধ হেলপারের মৃত্যু

১০ জেলায় চোরাগোপ্তা হামলা অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে। ট্রেন, বাস, লেগুনা এবং গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে দুর্বৃত্তরা। পিরোজপুরে একটি বাসের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া বুধবার রাতে পিরোজপুর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পিরোজপুর প্রতিনিধি জানান. পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দু’টি বাসে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত হেলপার মো. সিয়াম হোসেন (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র মতে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দু’টি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় বাসে আগুন দেখে টহলরত পুলিশ আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে গিয়ে বাস দু’টিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন অভিযোগ করে বলেন, বাসস্ট্যান্ডে ৩০টির বেশি বাস থাকলেও নির্দিষ্ট দু’টি বাসকে লক্ষ্য করে আগুন দেয়া হয়েছে। তিনি বলেন, এটি ফ্যাসিবাদী শক্তির পরিকল্পিত অগ্নিসংযোগ। মানুষকে পুড়িয়ে হত্যা করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে চায়।

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোরে একটি কোচিং সেন্টারের বাসে ও দুপুরে টার্মিনাল এলাকায় হৃদয়-তাহসিন নামের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুপুরে বাসে আগুন লাগার ঘটনাটি একটি দুর্ঘটনা। তবে ঘটনাটিকে নাশকতা বলছেন বাস কর্তৃপক্ষ। জানা যায়, পর্যটন মোটেলের বিপরীত পাশে শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটিতে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে মুহূর্তেই বাসটিতে আগুন জ্বলতে শুরু করে। এ সময় ঘটনাস্থলের পাশে অবস্থিত সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনের শিক্ষার্থীরা বিষয়টি টের পান। মাদ্রাসার শিক্ষক এনামুল কবির কোচিং সেন্টারের মালিককে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত করেন। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী টাটা শো-রুমে থাকা লোকজন অগ্নিকাণ্ডের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দু’টি ককটেলসদৃশ পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাঁচের ফিটিং ও জানালায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, গত রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দু’টি পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করে। এরপর সেখানে আগুন ধরে যায়।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ট্রেনের বগির সিট, দু’টি লেগুনা পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ফতুল্লা, সিদ্ধিরগঞ্জে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অধিকাংশ ঘটনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের জড়িত থাকার তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার ভোর পৌনে ছয়টার দিকে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বগির বেশ কয়েকটি সিট পুড়ে যায়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে রেলওয়ে স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপণ পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই দিন ভোর পাঁচটার দিকে ফতুল্লার চাঁনমারী এলাকায় একটি মাজারের কাছে পার্কিং করে রাখা দু’টি লেগুনায় আগুন দেয়া হয়। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা তিন যুবক লেগুনা দু’টিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়সূত্রে জানা গেছে। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের বারান্দাসহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়।

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িসহ পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাঁশখালীতে বিএনপি’র এক নেতার বাড়ি, সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে নগরের সিঅ্যান্ডবি এলাকায় গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকার রশিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোণা প্রতিনিধি জানান, বারহাট্টায় রেলস্টেশন, রেললাইন ও ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফরমে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফরম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এক যুবক। এ সময় প্ল্যাটফরমের নিচে আরেক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওতে আগুন লাগানোর পর পরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

মেহেরপুর প্রতিনিধি জানান, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের পৃথক স্থান থেকে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গ্রামের বলতলা বাজার এলাকার ব্রিজের উপর থেকে ৩টি ও ভোরের দিকে ওই গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে আরও ৩টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। গাংনী থানা পুলিশ ও স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব বস্তুগুলো উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বস্তুগুলো সেখানে রেখে যায়। উদ্ধারকৃত বস্তুর মধ্যে দু’টিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দু’টি স্থানে গাছ কেটে ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের যৌথ তৎপরতায় গাছগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার চিওড়া এলাকায় মহাসড়কের পাশের একটি বিশাল আকৃতির কড়ই গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে ফেলা হয়। যেকোনো মুহূর্তে গাছটি চলন্ত যানবাহনের ওপর ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অবহিত করলে রাতেই গাছটি কেটে অপসারণ করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে একই মহাসড়কের আলকরা ইউনিয়নের লাটিমী এলাকায় পুনরায় গাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।