পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা হওয়া উচিত বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দরকষাকষির পরামর্শ
দিয়েছে এই সংস্থা। গতকাল সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডি’র কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ সুপারিশ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।
সিপিডি’র নির্বাহী পরিচালক জানান, শ্রমিকের ন্যূনতম মজুরির পরিবর্তে জীবন ধারণের জন্য উপযুক্ত মজুরির প্রসঙ্গে আলোচনা হওয়া প্রয়োজন। একজন শ্রমিক যেন খাদ্যের মান ও পুষ্টিমান, চিকিৎসা এবং ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় রাখতে পারে। শ্রমিকের মজুরি নিয়ে দরকষাকষি শব্দটি ব্যবহার না করে বরং আমরা মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা-পর্যালোচনা চাই। সেখান থেকে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি মজুরি বেছে নেয়ার কথা বলছি আমরা।
চলতি মাসের ১১ই নভেম্বর মালিকপক্ষের সঙ্গে আর ১২ই নভেম্বর শ্রমিকপক্ষের সঙ্গে মজুরি নিয়ে আলোচনা করেছে সিপিডি। আলোচনায় নিজেদের যুক্তি ও দাবি উপস্থাপন করে দু’পক্ষই। এ কথা জানিয়ে মালিকপক্ষের বরাত দিয়ে নাজনীন আহমেদ বলেন, মালিকপক্ষ মনে করে শ্রমিকদের মজুরি বাড়ানো উচিত। তারা বলছে, মজুরি বাড়ানোর সময় হাজিরা বোনাসসহ একজন শ্রমিক যা যা অ্যালাউন্স (ভাতা) পায় সেসব কথাও বিবেচনায় রাখতে হবে। একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে প্রতিবছর মজুরি বৃদ্ধি করা উচিত।
শ্রমিকপক্ষের সঙ্গে ১২ই নভেম্বরের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন নাজনীন আহমেদ। শ্রমিক নেতাদের বরাত দিয়ে তিনি জানান, শ্রমিকরা মনে করে, মজুরি বৃদ্ধির সঙ্গে কোনো ভাতা হিসাব করা উচিত নয়। প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয় করতে হবে। সব ধরনের ভাতা ও ওভারটাইম ছাড়া একজন শিক্ষানবিশ কর্মীর মজুরি হতে হবে ৩০ হাজার টাকা।
মজুরি শ্রমিকের পরিবারের আকার অনুযায়ী হওয়া উচিত বলে মনে করে সিপিডি। এ জন্য বড় ধরনের একটি জরিপ প্রয়োজন। নাজনীন আহমেদ বলেন, তবে আমাদের প্রাপ্ত তথ্য বলছে, প্রতি ৪ জনের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি ১ দশমিক ৮ জন। শ্রমিকদের মজুরির বিষয়ে বায়ারদের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনার দায়বদ্ধতা রয়েছে সরকারের।
২০০৬ সালের শ্রম আইনে শ্রমিকের ন্যূনতম মজুরি সংক্রান্ত উল্লিখিত বিধানগুলো রেখে একটি স্থায়ী মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন বলে মনে করে সিপিডি। শ্রমিকরা নির্ধারিত মজুরি পাচ্ছে কিনা, সেটা তদারকির জন্য স্থায়ী মজুরি বোর্ডের প্রয়োজনীয়তার কথা জানায় সংস্থাটি।
গতকালের ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানসহ সংস্থাটির দুই গবেষণা সহযোগী আতিকুজ্জামান শাহেদ ও প্রীতিলতা খন্দকার হক।
