রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, ন্যায়বিচারের প্রত্যাশা

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, ন্যায়বিচারের প্রত্যাশা

ফন্ট সাইজ:

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অপেক্ষার প্রহর কবে শেষ হবে এখনো তা অনিশ্চিত। নিজ দেশে কখন, কীভাবে তাদের ফিরিয়ে নেয়া হবে, সেই প্রশ্নেরও কোনো মীমাংসা হয়নি। দেশ-বিদেশে এই সংকট নিয়ে নানামাত্রিক বিশ্লেষণ থাকলেও তাতে রোহিঙ্গাদের ভাগ্যের পরিবর্তন আসবে কিনা তাও অজানা। দিন দিন পরিস্থিতি জটিল হয়ে উঠছে। গোটা রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেয়ার পথ আরও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে আজ নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই রায়ের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনায় এই রায়ের মধ্যদিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়বদ্ধতা নিশ্চিতের পথ তৈরি হবে।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকরা মামলাটির রায় ঘোষণা করবেন। ২০১৯ সালের ১১ই নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করে গাম্বিয়া। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির অভিযোগ তুলে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। ২০২০ সালের ২৩শে জানুয়ারি আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটির বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন আদালত। চলতি বছরের ১২ থেকে ২৯শে জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। গাম্বিয়ার করা এই মামলায় বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছে আরও ১১টি রাষ্ট্র।

এদিকে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই ক্যারি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, রাখাইন রাজ্যে সহিংসতা এবং মানবিক সহায়তার ঘাটতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর জোর দেন শামা। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়াই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান। পাশাপাশি বর্তমানে রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণের ব্যয় মেটাতে যে আর্থিক সংকট তৈরি হয়েছে, সেটিও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

অন্যদিকে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। সেখানে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা, মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় অবাধ সুযোগ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ।
গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করাকে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আইসিজের রায়ের বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথাও জানান তিনি। একইসঙ্গে বিশেষ র‌্যাপোর্টিয়ারকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

এদিকে বাংলাদেশ সফরের শেষ দিনে গতকাল জাতিসংঘের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কেলি ই ক্যারি। সেখানে তিনি বলেন, মিয়ানমারে ২০১৭ সালে যে গণহত্যা হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধার সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, আইসিজে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে যথাযথ নামে অভিহিত করবেন। তার প্রত্যাশা, এই রায়ের মধ্যদিয়ে জবাবদিহি নিশ্চিতের সুযোগ তৈরি হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে জাতিগত নিধন চলছে উল্লেখ করে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আদালতের রায় মেনে চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক বজায় রাখা নিয়েও সমালোচনা করেন জাতিসংঘের এই বিশেষ দূত। তিনি বলেন, নিজেদের গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক। রাখাইন রাজ্যে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে রোহিঙ্গাসহ দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অভ্যন্তরীণ সংলাপের ওপর গুরুত্ব দেন তিনি। সংকট সমাধানে আঞ্চলিক দেশগুলোর প্রতিও আহ্বান জানান।

আজকের এই রায় ঘিরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রায় এক দশক ধরে তারা এমন একটি রায়ের অপেক্ষায় রয়েছেন। এই রায়ের মধ্যদিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পক্ষে জনমত আরও জোরালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে রায় ঘোষণার পরদিন শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের। সকাল সাড়ে ৭টায় ক্যাম্প-৪-এর ফুটবল মাঠে রোহিঙ্গা সমপ্রদায়ের সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সরকারি প্রতিনিধিদলের সদস্যরাও তার সঙ্গে থাকবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।