সিলেটেও নাশকতার আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা থেকে নিরাপত্তার ছক সাজিয়ে গতকাল সন্ধ্যা থেকে সক্রিয় হয়েছে পুলিশ। সীমান্তে বিজিবি’র নিরাপত্তা চৌকি আর নগর ও জেলায় পুলিশ টহল জোরদার করেছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। প্রশাসনের কর্মকর্তারা বলছেন- সিলেটের পরিস্থিতি কন্ট্রোল রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে যাতে কেউ নাশকতা না করতে পারে সেজন্য নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপদ সিলেটের ভারত ঘেঁষা সীমান্ত এলাকা বেশি। গত ৮ই নভেম্বর পলাতক নেতা ও সাবেক এমপি রণজিৎ সরকার সীমান্ত দিয়ে ভারত থেকে সিলেটের রাতারগুলে এসে সমাবেশ করে গেছেন। তার এই সমাবেশের পর সক্রিয় প্রশাসন। সীমান্ত জুড়ে নেয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা।
গতকাল সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন জানিয়েছেন- সীমান্তের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন করে ডগ স্কোয়াডও নামানো হয়েছে। সীমান্ত পথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি’র পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সিলেট নগর ও জেলা পুলিশের পক্ষ থেকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি, বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সিলেট নগরীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভোররাতে নগরের আম্বরখানাস্থ একটি হোটেল ঘেরাও করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মধ্যরাত থেকে ঘেরাও করার পর ভোররাতে এয়ারপোর্ট থানা পুলিশ ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। এ ছাড়া দক্ষিণ সুরমা ও অন্য একটি স্থান থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার সিলেট- কোম্পানীগঞ্জ সড়কে সাদা পাথর পরিবহনের দু’টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছিল। এই ঘটনায় নাশকতার অভিযোগ রয়েছে আম্বরখানা থেকে গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে।
এদিকে নাশকতার আশঙ্কায় সিলেট নগরের সবক’টি প্রবেশমুখে পুলিশের টহল ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে পুলিশের টহল। প্রতিটি উপজেলায়ও পুলিশ সক্রিয়। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন মানবজমিনকে জানিয়েছেন- সিলেটে প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। নজরদারির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন- সিলেটের পরিস্থিতি ভালো থাকায় বিজিবি মোতায়েনের মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। এদিকে নাশকতার আশঙ্কায় গত দু’দিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে নগরে কয়েক দফা বিক্ষোভ মিছিল হয়েছে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নগরে নাশকতাবিরোধী শোডাউন করা হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল জানিয়েছেন- জনগণের জানমালের নিরাপত্তায় সিলেট জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। অন্যদিকে- রাত আড়াইটার দিকে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আম্বরখানা এলাকায় নাশকতাবিরোধী মিছিল করা হয়। নগর বিএনপি’র সাধারণ সম্পাদক জানিয়েছেন- সিলেটে নাশকতা ঠেকাতে ৪২টি ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে ৭টি টিম গঠন করা হয়েছে। গতকাল বিকালে সিলেটে নাশকতাবিরোধী শোডাউন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ জানিয়েছেন- কার্যক্রম নিষিদ্ধ দল সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে রাজপথে মোকাবিলা করা হবে। সিলেটকে যারা অশান্ত করতে চাইবে সবাই মিলে তাদের প্রতিহত করবো বলে জানান তিনি।
