রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫ বাসে আগুন ও ৭ স্পটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত থেকে গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত এসব ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে ধোলাইপাড় বাসস্ট্যান্ডের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। এর আগে রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় এক রাতে ৪টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৬টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার এসআই মোহাম্মদ হাসিবুল জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করাচ্ছিলেন।
এ সময় দুর্বৃত্তরা পিছনে বাসের সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪। বাসটির চালক মো. সাদ্দাম। অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরদিকে শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ধোলাইপাড় বাসস্ট্যান্ডের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বত্তরা। এ সময় একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তাকে থানায় আনা হয়েছে। তার নাম-ঠিকানা এখানো জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
এক রাতে ৪ বাসে আগুন: এদিকে রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় এক রাতে ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মিরপুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। প্রথম ঘটনাটি ঘটে রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর ১২ নম্বর এলাকার সিরামিকস রোডে। সেখানে বিকাল থেকেই পার্ক করে রাখা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ঠিক ৪৫ মিনিট পর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে দ্বিতীয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেন। এরপর রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে প্রগতি সরণির মাথায় ‘ বৈশাখী পরিবহন’-এর আরও একটি বাসে আগুন লাগে। সবশেষ রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা।
৬ স্পটে ককটেল বিস্ফোরণ: এদিকে একই রাতে ৬টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ সুপারের বাসভবন ছাড়াও রামপুরা টিভি সেন্টারের সামনে, মহাখালী বাসস্ট্যান্ডে, খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে, মোহাম্মদপুরের আসাদগেট, বসিলা এসআরবি-২ হেডকোয়ার্টারের সামনে, তেজগাঁও ডিসি অফিসের সামনে, রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে, মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে, যাত্রাবাড়ী সামাদ সুপার মার্কেটের সামনে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টার মাধবী লতা ভবন এলাকায় এসব ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। পাশাপাশি রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এদিকে শ্যামলী থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানোর অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের উপর থেকে নিচে দু’টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
