স্বামী হারানোর পর দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে কোনো রকমে দিন কাটছিল দুই বৃদ্ধা বিধবার। বয়স পেরিয়েছে ৭০ বছর। জীবনের শেষ সময়ে এসে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের শেষ আশ্রয়টুকুও। এখন মানুষের দেয়া কম্বল গায়ে জড়িয়ে খোলা আকাশের নিচে রাত কাটছে তাদের। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন তারা।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ার নাই ম্রাচিং মারমা ও চিংওয়াই প্রু মারমার কথা। গত ৯ই নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাদের ঘরই নয়, ওই আগুনে দুই বিধবার পরিবারসহ মোট ১৭টি বসতঘর ও দু’টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। নাই ম্রা চিং মারমার স্বামী মারা যান ২০০৮ সালে। অন্যদিকে চিংওয়াই প্রু মারমার স্বামী মারা যান ২০১৬ সালে। স্বামী হারানোর পর থেকেই নানা অভাব-অনটনের মধ্যদিয়ে তাদের সংসার চলছিল। অনেক কষ্টে জীবনের দিনগুলো পার করলেও আগুনে শেষ সম্বলটুকু হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুই বিধবা নারীসহ ১৯ পরিবারের মাঝে মানবিক সহায়তা দেয় বান্দরবান প্রেস ক্লাব। এ সময় সাংবাদিকদের কাছে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। কান্নাজড়িত কণ্ঠে নাই ম্রাচিং মারমা বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে জীবন চালিয়ে আসছি। বয়স হয়েছে, আগের মতো কাজ করার শক্তিও নেই। আগুনে ঘর পুড়ে যাওয়ার পর কোথায় থাকবে, কীভাবে বাঁচবো, তা বুঝতে পারছি না। মানুষের দেয়া কম্বল গায়ে দিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি। আমাদের থাকার মতো একটি ছোট ঘর হলে জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারতাম।’ অন্যদিকে চিংওয়াই প্রু মারমা বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর থেকেই অনেক কষ্টে দিন কাটছে।
এখন আগুনে ঘরটুকুও হারিয়েছি। আমাদের আর বেশি কিছু চাওয়ার নেই। শুধু মাথাগোঁজার মতো একটি ছোট আশ্রয় চাই। সমাজের সামর্থ্যবান মানুষ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের পাশে দাঁড়ান। জীবনের শেষ বয়সে যেন একটু নিরাপদে থাকতে পারি।’ আগুনে সর্বস্ব হারানো এই দুই বৃদ্ধা বিধবার চোখে এখন একটাই স্বপ্ন, একটি নিরাপদ আশ্রয়। তাদের মতো ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোরও প্রয়োজন ঘরবাড়ি পুনর্নিমাণ ও নতুন করে জীবন শুরু করার সহযোগিতা। জীবনের শেষপ্রান্তে এসে দুই বিধবার এমন অসহায়ত্ব মানবিক সমাজের বিবেককে নাড়া দিয়েছে। তাদের দুর্দশা বিবেচনায় নিয়ে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে হয়তো আবারো মাথাগোঁজার ঠাঁই ফিরে পাবেন তারা। শেষ বয়সে অন্তত একটু নিরাপদে বেঁচে থাকার সুযোগ পাবেন এই দুই অসহায় নারী।
