বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির পদতলে ক্রীতদাসের মতো বসে এদেশের মানুষকে হত্যা করছেন, আল্লাহ্ আপনাকে ক্ষমা করবেন না। তিনি বলেন, এদেশের সম্পদ লুট করে বিদেশে বসে আরাম-আয়েশে জীবনযাপন করে আগুন সন্ত্রাস করছেন। মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
বুধবার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হামলায় নিহত ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজার পূর্বে সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ধৈর্যের একটা সীমা আছে। আমরা শান্তির রাজনীতি করি। ১৭ বছর আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। গুম, হত্যা, জেল-জুলুম আমাদের সহ্য করতে হয়েছে। তিনি আরও বলেন, বাবুদের মিডনাইট নির্বাচন পরিহার করে ১৭ বছর অন্যায়-অত্যাচারের পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে তারেক রহমানের সরকার গঠন হয়েছে। আমাদের শান্তিতে থাকতে দিন। আপনারা অলিতেগলিতে চিকন রাস্তা দিয়ে এসে একটি ককটেল ফুটিয়ে আন্দোলন করছেন। দেশে আসুন, দেশে প্রকাশ্যে আসেন। এদেশ আমাদের, আমরা হত্যা, ক্রসফায়ার গুম, জেল-জুলুম, কারাবাসকে সহ্য করে এদেশে বসবাস করেছি, পালিয়ে যাইনি।
ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথিদের বক্তব্যে মৎস্য ও বস্ত্র প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষক দলের নেতা রাজুর বিচার করা হবে। তিনি লকডাউন প্রতিহত করার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুর-৪ আসনের সংসদ শহিদুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে এক মোটরসাইকেল শোডাউন শেষে রাজু নুরুল্লাহগঞ্জ আলগি নামক স্থানে গেলে নিষিদ্ধ সংগঠনের সমর্থকরা তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিদেশে বসে দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের মন পাওয়া যাবে না: রুহুল কবির রিজভী
ফরিদপুর প্রতিনিধি
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
