পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনা নিয়ে গত ৯ই নভেম্বর নেয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, বিধি-বিধান ও যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বুধবার সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কমিশনের সদস্যরা এবং ভার্চ্যুয়ালি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা (ভিসি) অংশ নেন।
ইউজিসি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ই নভেম্বর অনুষ্ঠিত ভিসিদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন ও বিধি-বিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও আলোচনায় আসে।
ইউজিসি বলছে, ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরতে বুধবার বিশেষ সভা আহ্বান করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গত ৯ই নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়। উল্লেখ্য, বুধবার হাইকোর্ট দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন। এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। একইসঙ্গে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সব প্রার্থীর কাছ থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ অব্যাহত রাখতে নির্দেশ দেয়া হয়।
তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ ছাড়াও এই আদেশের পর ভর্তি পরীক্ষা পেছানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এদিকে পূর্ব নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসি’র সিদ্ধান্ত বাতিল
স্টাফ রিপোর্টার
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
