ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭)কে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাত দিন পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ‎বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’ (৫ নম্বর ছয়ানী, বেগমগঞ্জ ও ১ নম্বর চর মটুয়া, সদর) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।

এর আগে, গত সোমবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়। ‎নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনরা প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় ব্যক্তিরা।